বাংলাদেশের খবর

আপডেট : ১০ January ২০২০

হাইমচর ইউপি নির্বাচন: সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ


চাঁদপুর জেলার হাইমচর উপজেলা পরিষদের নির্বাচন ১৩ জানুয়ারি। চলছে প্রার্থীদের শেষ মুহুর্তের প্রচার-প্রচারণা। নদীসিকস্তি এলাকা হওয়ায় এ উপজেলায় নির্বাচনী সব কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন।

মনোনয়নপত্র দাখিলের পর বিভিন্ন স্থানে কয়েকটি হামলা-সংঘর্ষ ও মামলার ঘটনায় প্রার্থী এবং ভোটারদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আশাবাদী প্রশাসন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন - আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান মো. নূর হোসেন পাটওয়ারী (নৌকা), বিএনপির মো. ইসহাক খোকন (ধানের শীষ) এবং হাইমচর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি মো. মোতালেব জমাদার (আনারস)।

সরেজমিনে দেখা যায়, নির্বাচনকে ঘিরে উপজেলার বিভিন্ন স্থান ছেয়ে গেছে প্রার্থীদের ব্যানার-ফেস্টুনে। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করছেন। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. নূর হোসেন পাটওয়ারী বলেন, হাইমচর একটি চরাঞ্চল এলাকা হওয়ায় এ এলাকার মানুষের জীবনমান কিছুটা অনুন্নত ছিলো। আমি ডা. দীপু মনি এমপির সহযোগিতায় এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছি।

বিএনপি প্রার্থী ইসহাক খোকন বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা শঙ্কিত। আমরা ভোটারদের কাছে যাচ্ছি এবং তাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষ জিতবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে সদ্য বহিষ্কৃত চেয়ারম্যান প্রার্থী মোতালেব জমাদার বলেন, ইতিমধ্যে আমার নেতা-কর্মী ও আমি হামলার শিকার হয়েছি। আমি নির্বাচনে কারচুপির আশঙ্কা করছি। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের দাবি জানাচ্ছি।

অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর সদর সার্কেল জাহিদ পারভেজ চৌধুরী জানান, কোনো অবস্থাতেই নির্বাচনী পরিবেশ যাতে নষ্ট না হয় সেদিকে আমাদের তীক্ষ্ণ নজরদারি রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়কজন ভোটার জানান, নির্বাচনকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় কিছুটা ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। তারা সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণের দাবি জানান।

১৩৪ বর্গকিলোমিটার আয়তনের হাইমচর উপজেলায় মোট ভোটার ৮০ হাজার ২৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪১ হাজার ৪১৭ জন এবং নারী ভোটার ৩৮ হাজার ৮১৭ জন। এ উপজেলার ছয়টি ইউনিয়নে ৩১টি কেন্দ্রে ২০০ বুথে প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেবেন ভোটাররা।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ হেলাল উদ্দিন খান বলেন, ৩১টি কেন্দ্রের সবগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ইভিএম পদ্ধতি ও সুষ্ঠু পরিবেশে নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১