আপডেট : ১১ January ২০২০
ঢাকা দুই সিটি নির্বাচন প্রতীক বরাদ্দ পেয়ে আনুষ্ঠানিকভাবে ভোট চাইতে প্রচারযুদ্ধে নামলেন ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র-কাউন্সিলর প্রার্থীরা। গতকাল শুক্রবার দিনের প্রথমার্ধেই প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক বরাদ্দ নেন। এ সময় রাজনৈতিক দলের প্রার্থীদের নিবন্ধিত স্ব-স্ব প্রতীক ও স্বতন্ত্রপ্রার্থীদের অনুকূলে প্রার্থীর চাওয়া ও কমিশন নির্ধারিত প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এরপর নিজ নিজ নেতাকর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচার শুরু করেন। ইসিকে মেরুদণ্ডহীন বললেন ইশরাক : প্রথম দিন আনুষ্ঠানিক প্রচারে নামার আগে প্রতীক বরাদ্দ পেয়ে ইসিকে মেরুদণ্ডহীন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, নখদন্তহীন ভূমিকা রাখছে। তিনদিন আগে লিখিত অভিযোগ দিয়েছি আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে। তারা কোনো পদক্ষেপ নেয়নি। কালবিলম্ব করছে।’ গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনী প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে ধানের শীষ প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন ইশরাক। এ সময় নির্বাচন কমিশনের প্রতি ইঙ্গিত করে ইশরাক বলেন, তাদের অবস্থা আমরা বুঝি। তাদের সেই ক্ষমতা নেই। এ নিয়ে আমরা বিচলিত নই। পরোয়া করি না। আমরা আচরণবিধি মেনে নিচ্ছি। অবিভক্ত ঢাকার শেষ ও প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন বলেন, বাবা বেঁচে থাকলে নিশ্চয়ই আমার জন্য গর্ববোধ করতেন। ৩৫ বছর বিএনপির রাজনীতি করেছেন তিনি। ১৯৯১ সালে তিনি প্রথম ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছেন। সেই প্রতীক নিয়ে আমি মেয়র পদে নির্বাচন করছি। আমি দলের প্রত্যাশা পূরণ করব। আওয়ামী লীগের মন্ত্রী-সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন বলে অভিযোগ করে ইশরাক বলেন, তারা প্রচার চালাচ্ছেন। ঘরোয়া বৈঠকেও অংশ নিচ্ছেন। আমাদের কাছে সব তথ্য আছে। আমরা তো এক শহরে বাস করি, ভিনগ্রহে বাস করি না। দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ শেষে বাবার কবর জিয়ারত করেন ইশরাক। পরে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিক প্রচারে নামেন তিনি। এ সময় ইশরাকের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ইকবাল মাহমুদ টুকু ও আবদুস সালামসহ কেন্দ্রীয় নেতারা। প্রচার শুরু করেছেন দক্ষিণের মেয়রপ্রার্থী তাপস : উন্নত ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা গড়ার প্রত্যয়ে রাজধানীবাসীর পাশে থাকার আশাবাদ ব্যক্ত করে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল প্রতীক বরাদ্দের পর সকাল পৌনে ১১টায় দক্ষিণের ৭০ নম্বর ওয়ার্ড ডেমরা আমুলিয়া মডেল টাউন, মেহেন্দিপুর বাজার, মীরবাগ থেকে নির্বাচনী প্রচার শুরু করেন তাপস। প্রচারে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ঢাকা দক্ষিণের সাবেক সভাপতি আবুল হাসনাত, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোর্শেদ কামাল, ৭০ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আতিকুর রহমান, ডেমরা থানা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল প্রমুখ উপস্থিত ছিলেন। দক্ষিণের প্রার্থীদের প্রতীক : অস্থায়ীভাবে স্থাপিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল থেকে প্রতীক বরাদ্দ শুরু হয়। রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন প্রতীক বরাদ্দের কার্যক্রম পরিচালনা করেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে প্রতীক বরাদ্দ পেয়েছেন মেয়র প্রার্থীরা। বৈধ সাতজন মেয়র প্রার্থীকে নির্বাচনী প্রতীক দেওয়া হয়েছে। এ সময় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস পেয়েছেন দলীয় প্রতীক নৌকা। তাপসের পক্ষে প্রতীক নিয়েছেন তার আত্মীয় ও আইনজীবী আলী আসিফ খান। বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন পেয়েছেন দলীয় প্রতীক ধানের শীষ। এ ছাড়া জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন মিলন লাঙ্গল, ইসলামী আন্দোলনের মো. আবদুর রহমান হাতপাখা, ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) বাহরানে সুলতান বাহার আম, বাংলাদেশ কংগ্রেসের মো. আকতার উজ্জামান ওরফে আয়াতুল্লা ডাব ও গণফ্রন্টের আবদুস সামাদ সুজন পেয়েছেন মাছ প্রতীক। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় মেয়র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ নিয়ে অতটা কৌতূহল না থাকলেও কাউন্সিলরদের মধ্যে প্রতীক পাওয়া নিয়ে বেশ কৌতূহল দেখা গেছে। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে ডিএসসিসি নির্বাচনে ৭৫টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৩৩৫ জন ও ২৫টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮২ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীরা এখন আইন মেনে প্রচার চালাতে পারবেন। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকিং করে প্রচার চালানো যাবে। তবে পথসভা ও ঘরোয়াসভা ছাড়া কোনো জনসভা বা শোভাযাত্রা করা যাবে না। ব্যানার অবশ্যই সাদাকালো হতে হবে। যানবাহন ব্যবহার করে মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। উত্তরের প্রতীক বরাদ্দ ও প্রচার শুরু : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সদ্য সাবেক মেয়র আতিকুল ইসলাম। আর ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপির তাবিথ আউয়াল। এছাড়া অন্য চার প্রার্থীও প্রতীক পেয়েছেন। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ পেয়েছেন হাতপাখা, প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) শাহীন খান পেয়েছেন বাঘ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আনিসুর রহমান দেওয়ান পেয়েছেন আম এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আহম্মেদ সাজ্জাদুল হক পেয়েছেন কাস্তে প্রতীক। শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ের স্থানীয় সরকার ইনস্টিটিউটে (এনআইএলজি) ৬ মেয়র প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দ দিয়েছেন উত্তর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম। প্রতীক বরাদ্দ শেষে তিনি বলেন, আজ থেকে ভোটের যুদ্ধ চলে যাচ্ছে মাঠে। এই মাঠকে কোনোক্রমেই আমরা ঘোলাটে করতে দেব না। উত্তরে আতিকুলের গণসংযোগ শুরু : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সদ্য সাবেক মেয়র আতিকুল ইসলাম আনুষ্ঠানিক গণসংযোগ শুরু করেছেন। গতকাল শুক্রবার রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের ৮ নম্বর রোডের কেন্দ্রীয় জামে মসজিদ সম্মুখ প্রান্ত থেকে তিনি গণসংযোগ শুরু করেন। এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চান আতিকুল ইসলাম বলেন। তার সঙ্গে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাবিথের প্রচার শুরু : শুক্রবার জুমার নামাজের পরেই ঢাকার উত্তরার ৭ নং সেক্টর থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন উত্তর সিটির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। বিএনপির দলীয় প্রার্থী হিসেবে তিনি দ্বিতীয়বারের মতো সিটি নির্বাচনে অংশ নিচ্ছেন। নামাজের পর মসজিদের সামনে শত শত নেতাকর্মী ‘খালেদা জিয়া, ধানের শীষ, ধানের শীষ’ স্লোগান শুরু করেন। প্রায় আধা ঘণ্টা পর সড়কের পাশে দাঁড়িয়ে তাবিথ আউয়ালসহ কেন্দ্রীয় নেতারা সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ সময় তাবিথ আউয়াল বলেন, আশা করি, নির্বাচন কমিশন আজকের এই উত্তাল জনগণের আওয়াজ শুনবেন এবং সে অনুযায়ী নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। অবশ্যই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আমরা ভোটারদের সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার যাত্রা শুরু করলাম। তাবিথ আউয়াল আজ রাত ১০টা পর্যন্ত উত্তরার ৭ নম্বর সেক্টর হয়ে ১০ নম্বর সেক্টরের বিভিন্ন এলাকা, দিয়াবাড়ি, ১২ নম্বর সেক্টরের খালপাড়সহ ওই এলাকায় নির্বাচনী প্রচার চালাবেন। দক্ষিণে বিনা ভোটে ৪ কাউন্সিলর নির্বাচিত এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-২০২০ নির্বাচনে চার কাউন্সিলরপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটিতে মোট চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। তাদের মধ্যে দুজন সাধারণ আসন থেকে আর দুজন সংরক্ষিত আসনের। তিনি বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে একজন একক প্রার্থী ছিলেন। বাকি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের মধ্যে বাছাইয়ে বাদ পড়েছেন একজন এবং দুই প্রার্থীর বিপরীতে থাকা প্রতিদ্বন্দ্বীরা প্রত্যাহার করে নিয়েছেন নিজেদের। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ীরা হলেন- ২৫ নম্বর ওয়ার্ডের মো. আনোয়ার ইকবাল, ৪৩ নম্বর ওয়ার্ডের মো. আরিফ হোসেন (বর্তমান কাউন্সিলর), সংরক্ষিত আসন ৬ নম্বরে (১৬, ১৭, ১৮ সাধারণ ওয়ার্ডের সমন্বয়ে) নারগীস মাহতাব (বর্তমান কাউন্সিলর) এবং সংরক্ষিত ৮ নম্বর আসনের (২২, ২৩, ২৬) নিলুফার রহমান। তবে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে কেউ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেননি বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম। ৩০ জানুয়ারি ঢাকার এই দুই সিটিতে ভোট হওয়ার কথা রয়েছে। ওইদিন ভোট শেষে সবার সঙ্গে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ীদের নামও গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানা গেছে ইসি সূত্রে। উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর এ দুই সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, গতকাল শুক্রবার প্রতীক বরাদ্দ দেয়া হয়। তারপর থেকেই শুরু হয় প্রচার। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১