বাংলাদেশের খবর

আপডেট : ২৭ January ২০২০

লৌহজংয়ে জ্বরে চাচি-ভাতিজার মৃত্যু, করোনা ভাইরাসের আতঙ্ক!

স্বজনহারাদের আহাজারি ছবি: বাংলাদেশের খবর


মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাত্র ১৬ ঘণ্টার ব্যবধানে জ্বরে আক্রান্ত হওয়ার কিছুক্ষণ পর মারা গেছেন চাচি ও তাঁর ভাতিজা। পরিবারের সদস্যদের দাবি, করোনা ভাইরাসে তাদের মৃত্যু হয়েছে কি-না, তা পরীক্ষা-নিরীক্ষা করা হোক। তাদের এমন দাবিতে এখন লৌহজংয়ে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার যশলদিয়া গ্রামের মীর সোহেলের ছেলে মীর আব্দুর রহমান (৩) হঠাৎ জ্বরে আক্রান্ত হয়। এর মাত্র এক ঘণ্টার মধ্যেই মারা যায় সে। এর আগে একইদিন সকাল ৮টার দিকে একইভাবে মারা যান শিশু আব্দুর রহমানের চাচি শামীমা বেগম (৩৪)। মৃত শামীমা বেগম ওই গ্রামের মীর জুয়েলের স্ত্রী।

শামীমার দেবর মীর শিবলু জানান, তার ভাবি গত রোববার সকালে শরীরে জ্বর অনুভব করছিলেন। কিছু সময় পরেই জ্বর কিছুটা বাড়ে। একইসঙ্গে শরীরের বিভিন্ন অংশে চাক চাক রক্তের দাগ সদৃশ কিছু দৃশ্যমাণ হয়। এর মাত্র ঘণ্টা খানেকের মধ্যেই মারা যান তিনি। এরপর রাতে তার ভাই মীর সোহেলের ছেলে আব্দুল রহমান (৩) একইভাবে শরীরে জ্বর জ্বর ভাব দেখা যায়। এর মাত্র ঘণ্টাখানেকের মধ্যেই মারা যায় সে। তার শরীরেও রক্তের চাক চাক দাগ দেখা যায়। বিষয়টি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে জানানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম আহম্মেদ জানান, খবর পেয়ে বিশেষজ্ঞ ডাক্তারসহ একটি মেডিক্যাল টিম নিয়ে ঘটনাস্থলে যাই। নিহতের পরিবারের কাছ থেকে নিহত হবার পুরো বর্ণনা নেই। বর্ণনা নেওয়ার পরে এবং প্রাথমিকভাবে মরদেহ দেখে মনে হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তারা মারা যায়নি। কারণ করোনা ভাইরাসের কোন লক্ষণ পাওয়া যায়নি। তবে আমরা শিশুটির মরদেহের ছবি তুলে এনেছি। সেটির পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে এটি করোনা ভাইরাস কি-না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এরপর সিভিল সার্জনসহ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে।

লৌহজং উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মু. রাসেদুজ্জামান নিহতদের বাসায় গিয়ে স্বজনদের শান্তনা দিয়ে আসেন। এবং তিনি জানান এই মর্মান্ত্রিক ঘটনা সত্যিই অনেক কষ্টের। একটি পরিবারের দু’জন ১৬ ঘন্টা ব্যবধাণে মারা যাওয়াটা হৃদয় ভাঙ্গার। আমরা লৌহজং উপজেলা প্রশাসন গভীরভাবে শোকাহত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১