বাংলাদেশের খবর

আপডেট : ২৮ January ২০২০

৮ ফেব্রুয়ারি থেকে ৭ম ‘বাংলা খেয়াল উৎসব ২০২০’


চ্যানেল আইয়ের আয়োজনে প্রতি বছরের মতো উচ্চাঙ্গ সংগীতের মহাযজ্ঞের আসর ৭ম ‘বাংলা খেয়াল উৎসব ২০২০’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে। এ উৎসবের বিস্তারিত জানাতে চ্যানেল আই ভবনে গতকাল সোমবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরেন বাংলা খেয়াল উৎসবের অন্যতম উদ্যোক্তা, সংগীতজ্ঞ ও সংস্কৃতি কেন্দ্রের চেয়ারম্যান আজাদ রহমান। তিনি বলেন, ‘ওইদিন বিকাল ৫টা থেকে উৎসব শুরু হয়ে একটানা চলবে ৯ ফেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত। আজাদ রহমান আরো বলেন, সংস্কৃতির পরিশীলন হয় উচ্চাঙ্গ সংগীতের মাধ্যমে। এই সংগীতের প্রসারে নিরলস কাজ করছে চ্যানেল আই। আগে খেয়াল শোনার মানুষ ছিল না। কিন্তু চ্যানেল আইয়ের এ উদ্যোগের ফলে বাংলা খেয়ালের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে।’

উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। উৎসব প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই চ্যানেল আই সংস্কৃতির বিভিন্ন অংশ প্রসারে কাজ করে চলেছে। ২০১৪ সাল থেকে আজাদ রহমানের নেতৃত্বে চ্যানেল আই এই বাংলা খেয়াল উৎসবের আয়োজন শুরু করে। ছোটবেলায় যখন উচ্চাঙ্গ সংগীত টেলিভিশনে দেখতাম, তখন সেভাবে আগ্রহ পেতাম না। কিন্তু এখন সময় পাল্টেছে। সুন্দরভাবে খেয়াল বা উচ্চাঙ্গ সংগীত পরিবেশিত হচ্ছে। ফলে এ খেয়ালের প্রতি দর্শক-শ্রোতা বৃদ্ধি পাচ্ছে।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগীত ব্যক্তিত্ব করিম শাহাবুদ্দিন, ড. হারুনুর রশীদ, নাশিদ কামাল প্রমুখ। চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় অনুষ্ঠিতব্য উৎসবটি সরাসরি সম্প্রচার করা হবে। উৎসবে অংশ নেবেন সারা দেশ থেকে আসা বিভিন্ন বয়সের শিল্পীরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১