বাংলাদেশের খবর

আপডেট : ২৮ January ২০২০

ময়মনসিংহে ক্লিনিক ও ডায়াগনিস্টক সেন্টারে র‌্যাবের অভিযান : সাড়ে ৩১ লাখ টাকা জরিমানা


ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে অপারেশন থিয়েটার (ওটি) সিলগালাসহ ৩১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার বিকেল থেকে আজ মঙ্গলবার বিকেল এ রিপোট লেখা পর্যন্ত র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আকতারুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে।

এ অভিযানে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন র‌্যাব-১৪'র মেজর মোঃ শিবলী সাদিক, ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার তৌফিক হাসান শাওনসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

সোমবার বিকেল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৬ লাখ, প্রান্ত স্পেশালাইজড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৬ লাখ, লিভার্র্টি হাসপাতালকে ৪ লাখ ৫০ হাজার, মেমোরিয়াল ডায়াগনস্টিককে ২ লাখ, মৈত্রী নার্সিং হোম ও ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটার কক্ষ সিলগালাসহ ৪ লাখ, রেডিয়াম ডায়াগনস্টিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও মঙ্গলবার দুপুরে নগরির স্বদেশ হাসপাতাল প্রোঃ লিমিটেডকে ৬ লাখ টাকা জরিমানা করে একই ভ্রাম্যমান আদালতের টিম। ম্যাজিস্ট্রেটের দেয়া বক্তব্যে সুত্রে জানা যায় সর্বমোট ৩১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকতারুজ্জামান ও ময়মনসিংহ র‌্যব ১৪এর অধিনায়ক লে. কর্নেল মোঃ এফতেখার উদ্দিন বলেন আগামী এক মাসের মধ্যে সকল অনিয়ম দূর করার জন্য সময় বেঁধে দেয়া হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা ঠিক না থাকা, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য রি-এজেন্টসহ অত্যাবশকীয় জিনিসপত্র নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ না করা, কয়েকজন রোগী চিকিৎসাধীন থাকলেও কর্তব্যরত কোনও চিকিৎসক না থাকা, অপারেশন থিয়েটারে মরিচাযুক্ত কাঁচি ও ব্যবহৃত উপকরণসমূহ জীবাণুমুক্ত করার জন্য কোনও অটোক্লেভ মেশিন না থাকা, মেয়াদোত্তীর্ণ সিরিঞ্জ, ব্যবহৃত পুরনো ঔষধে ময়লার আস্তর, অপরিচ্ছন্ন বিছানার চাদর ও বালিশ থাকায় এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে জরিমানা করা হয়েছে। এ ছাড়াও নগরীর ছোট বড় অন্যান্য ক্লিনিকগুলোতে র‌্যাবের ভ্রাম্যমাণ আদলতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।

অভিযান চলাকালে দেখতে আসা হাজার হাজার উৎসুক মানুষের মুখে হাসির ঝিলিক লক্ষ করা গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১