আপডেট : ৩০ January ২০২০
নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বিদ্যাদেবী সরস্বতীর আরাধনা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব এটি। আজ বৃহস্পতিবার সকাল থেকে মণ্ডপে পূজায় অংশ নিতে ভিড় জমানো শুরু করে সনাতন ধর্মালম্বী শিক্ষক ও শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সনাতন সংঘ এ পূজার আয়োজন করে। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ নিয়ে অংশ নিচ্ছেন বিদ্যাদেবীর এ পূজায়। শিক্ষা, সংগীত ও শিল্পকলায় সফলতার আশায় সনাতন ধর্মালম্বী শিক্ষার্থীরা দেবীর পূজা অর্চনা করেছে। হিন্দু শিক্ষার্থীদের এ আয়োজনে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহজাহান পূজামণ্ডপ পরিদর্শনের সময় হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এ পূজা ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির নিদর্শন। পূজা দিতে আসা পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পার্থ প্রতিম বলেন, আমরা মনে করি এ পূজার মাধ্যমে প্রমাণিত হয়, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে কোনো ধরনের ধর্মীয় বিদ্বেষ থাকতে পারে না। এ পূজার মাধ্যমে আমরা বিদ্যাদেবীর আদর্শে অনুপ্রাণিত হতে চাই, যেন আমরা বিদ্যা অর্জনে দেবী স্বরস্বতীর আদর্শ অনুসরণ করতে পারি। অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলো পেতে অসংখ্য ভক্ত ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যাদেবী সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ ও পূজা অর্চনা করেন। পূজা অর্চনা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এর আগে সকাল ৮টায় পূজারম্ভ, সাড়ে ৯ টায় অঞ্জলি প্রদান করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১