আপডেট : ০৭ February ২০২০
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ছবির শুটিং চলছে। শনিবার থেকে শুরু হওয়া ছবির শেষ অংশের শুটিংয়ে অংশ নিয়েছেন ফেরদৌস, পূর্ণিমা, আনিসুর রহমান মিলনসহ অন্য কলাকুশলীরা। গল্পের প্রয়োজনে শীতের সকালে কাদা মেখে দৃশ্যধারণ করেন ফেরদৌস-পূর্ণিমা। এরপর তারা মেতে ওঠেন কাদা ছোড়াছুড়ি উৎসবে। তারই একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন মেকআপম্যান মোহাম্মদ খলিল। ভিডিওতে দেখা যায়, কাদামাখা শরীর নিয়ে চিত্রনায়ক ফেরদৌস সহকারী পরিচালক আবুল কামাল আজাদকে জড়িয়ে ধরেছেন। তাকে কাদা মাখিয়ে দিচ্ছেন। এমন সময় এগিয়ে আসেন চিত্রনায়িকা পূর্ণিমা। তিনিও সহকারী পরিচালকের শরীরে কাদা মাখিয়ে দিচ্ছেন। এগিয়ে আসেন অভিনেতা আনিসুর রহমান মিলনও। একটা সময় মেকআপম্যান মোহাম্মদ খলিলকেও জড়িয়ে ধরেন ফেরদৌস। তার শরীরেও কাদা মাখিয়ে দেন তিনি। সঙ্গে যোগ দেন পূর্ণিমাও। এভাবেই ইউনিটজুড়ে চলে কাদা মাখামাখি। ফেরদৌস বলেন, ‘শীতের মধ্যে কাদা মেখে শুট করাটা বেশ কষ্টকর। আমি, পূর্ণিমা আর মিলন কাদা মেখে শুটিং করেছিলাম। আমরা শীতে কাঁপছিলাম আর অনেকে তা দেখে মজা নিচ্ছিল। পরে শট শেষ করে, মজা করে সবার গায়ে কাদা মেখে দিই।’ নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল জানান, ‘কোম্পানীগঞ্জে শুটিং চলবে আগামী সাত দিন। সেখানে শুটিং শেষে ঢাকায় অল্প কিছু কাজের পর ক্যামেরা ক্লোজ হবে।’ এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ অবলম্বনে ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস ও পূর্ণিমা। এতে সাংবাদিক চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস আর পূর্ণিমাকে দেখা যাবে এনজিও কর্মীর চরিত্রে। বিশেষ চরিত্রে দেখা যাবে কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। এতে আরো অভিনয় করছেন তারিক আনাম খান, আহসানুল হক মিনুসহ অনেকে। ছবিটি প্রযোজনা করছে ইচ্ছেমত ও নুজহাত ফিল্মস।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১