বাংলাদেশের খবর

আপডেট : ০৮ February ২০২০

গানের ঝিলিক


মোস্তাফিজুর রহমান বাবুর নতুন সিনেমা ‘অফুরন্ত ভালোবাসা’র একটি গানে কণ্ঠ দিচ্ছেন সেরাকণ্ঠের ঝিলিক। সুদীপ কুমার দীপের কথায় ছবির টাইটেল ট্র্যাকটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন।

ছবির পরিচালক বাবু জানান, কণ্ঠশিল্পী প্রতীক হাসান ও সেরাকণ্ঠের ঝিলিক দ্বৈতভাবে এই গান গাইবেন। তিনি বলেন, ‘মঙ্গলবারই গানের রেকর্ডিং হবার কথা ছিল। কিন্তু কিছু নির্দিষ্ট কারণে পেছাতে হয়েছে। গতকাল মগবাজারের একটি স্টুডিওতে গানের ভয়েস নেওয়া হয়েছে।’

ছবির গল্প নিয়ে মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ‘রোমান্টিক গল্প নিয়েই তৈরি করব ছবিটি। তবে এখানে পারিবারিক আমেজ থাকবে। বর্তমান সময়ে দর্শকের চাহিদার বিষয়টিও মাথায় রেখেছি। আশা করছি দর্শক ফিরিয়ে আনার যে আন্দোলন এখন ইন্ডাস্ট্রিতে চলছে, সেখানে আমার অফুরন্ত ভালোবাসা ছবিটি ভালো সংযোজন হবে।’ এই সিনেমার নায়ক-নায়িকা হিসেবে কখনো আরিফিন শুভ-মাহিয়া মাহি আবার কখনো বা সাইমন-পরীমনির নাম শোনা যাচ্ছে। এই বিষয়ে জানতে চাইলে বাবু জানান, ‘আমার ইচ্ছে আছে ভালো একটি জুটি নিয়ে ছবিটি করার। আলোচনা হচ্ছে। খুব দ্রুতই নাম ঘোষণা করতে পারব।’

‘অফুরন্ত ভালোবাসা’ ছাড়াও ‘টার্গেট বাংলাদেশ’ নামে একটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান বাবু। সেই ছবিতেও আরিফিন শুভ ও মাহির অভিনয়ের গুঞ্জন ছড়িয়েছে। তবে পরিচালক বলছেন, ‘এখনো কিছু চূড়ান্ত হয়নি।’

বর্তমানে গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন ঝিলিক। স্টেজ শো ও চ্যানেলের অনুষ্ঠান নিয়ে চলছে তার ব্যস্ততা। গেল ঈদেও গানে গানে কেটেছে তার। নতুন গানও প্রকাশ হয়েছে ঈদে। ঈদের পর আবার কাজ শুরু হয়েছে ঝিলিকের। এ বিষয়ে তিনি বলেন, আসলে সব সময়ই গান নিয়ে ব্যস্ত সময় পার করতে হয়। এই ছুটে চলাটা আমি খুব উপভোগ করি। প্রতি মুহূর্তে শেখার চেষ্টা করি।

সিনিয়রদের পাশাপাশি ছোটদের কাছ থেকেও আমি শিখি। স্টেজ শো-ই বেশি করছি। আর টিভির অনুষ্ঠান করছি। বেশ কিছু নতুন গান নিয়ে সামনে কাজ করব। সেই পরিকল্পনা করছি। নতুন গানের পরিকল্পনা নিয়ে ঝিলিক বলেন, আমার যে গানগুলো এর মধ্যে প্রকাশ হয়েছে, সেগুলোর মাধ্যমে শ্রোতাদের সাড়া পেয়েছি অনেক। তাই একটা দায়িত্ব থেকে যায়। কারণ শ্রোতাদের একটি প্রত্যাশা তৈরি হয়েছে আমার প্রতি। সেই প্রত্যাশার বাইরে যেতে চাই না। তাই একটু সময় নিয়ে কাজ করতে চাই। আমার নতুন অ্যালবাম প্রকাশ হয়েছে অনেক দিন আগে। সেই অ্যালবামের গানগুলোর সাড়া এখনো পাই। আর নতুন অ্যালবামের চিন্তাভাবনা করছি আমি। খুব শিগগিরই এর কাজ শুরু করার ইচ্ছে আছে। এখন কারা কারা কাজ করবেন, কী ধরনের গান করব অ্যালবামে তার পরিকল্পনা করছি। একটু ভিন্নধারার গান এবার করতে চাই। গতানুগতিক কাজ করতে চাই না। খুব শিগগিরই আরো নতুন কাজ শুরু করব। অ্যালবামটি এ বছরেই প্রকাশ করব বলে ঠিক করেছি। সঙ্গে হয়তো একটি মিউজিক ভিডিও থাকবে। আশা করছি ভালো কিছু হবে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১