বাংলাদেশের খবর

আপডেট : ১৫ February ২০২০

স্কুল সংস্কারের দাবি

খসে পড়ছে ছাদের প্লাস্টার, ঝুঁকিতে শিক্ষক-শিক্ষার্থীরা


ছাদের প্লাস্টার খসে পড়েছে, রডও দেখা যাচ্ছে। দেয়ালের অবস্থাও নাজুক। সাতক্ষীরার কলারোয়ায় এমনই ঝুঁকিপূর্ণ স্কুল ভবনে ঝুঁকি নিয়ে লেখাপড়া করতে হচ্ছে কোমলমতি শিশু শিক্ষার্থীদের। শিক্ষকরাও রয়েছেন চরম বিপাকে।

উপজেলার কেঁড়াগাছি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে এমন চিত্র চোখে পড়েছে। জরাজীর্ণ ও ভঙ্গুর রুমে ক্লাস করার সময় মাঝে মধ্যেই ছাদের প্লাস্টারের অংশ খসে পড়ে মাথার উপর। বের হয়ে যাওয়া রড জং ধরে জীর্ণ অবস্থায় পৌছেছে। স্কুল ভবনের দেয়ালেও একই রূপ। প্লাস্টার-ইট খসে পড়ার পাশাপাশি রসে গিয়েছে।

বিদ্যালয়ের সভাপতি সাবেক মেম্বর মুনছুর আলী বিশ্বাস জানান, বিদ্যালয়টি ১৯৬৭ সালে স্থাপিত এবং এই ভবনটি তৈরি হয়েছিলো ১৯৯৪ সালে। কিন্তু ইতোমধ্যে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বেশ কিছু জায়গায় ছাদ খসে পড়েছে এবং রড দেখা যাচ্ছে।

বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল মোতালেব হোসেন বলেন, আমি অল্প কয়েকদিন আগে যোগদান করেছি। আমি শুনেছি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও এর আগে দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন।

তিনি আরো জানান, বিদ্যালয়ের ১৫০জন ছাত্র-ছাত্রী ও ৫জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত রয়েছেন। তারা ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করছেন। ছাদের ভঙ্গুর অবস্থায় আমরা খুব ভীতসন্ত্রস্থ থাকি। যেকোনো মুহূর্তে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।

কয়েকজন অভিভাবক জানান, বিদ্যালয়ের ভগ্ন অবস্থার মধ্যেই আমাদের সন্তানদের বিদ্যালয় পাঠাতে হচ্ছে। এজন্য আমরা খুব চিন্তিত রয়েছি। সংস্কার করা না হলে সন্তানদের অন্যত্র ভর্তি করতে হবে।

অবিলম্বে নতুন ভবন নির্মাণ কিংবা বিদ্যালয়টি সংষ্কারের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন সচেতন এলাকাবাসী।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফার উদ্দীন বলেন, উপজেলার বিভিন্ন স্কুলের জরাজীর্ণ ভবনের যে তালিকা পাঠিয়েছি তাতে এই স্কুলেরও নাম রয়েছে। আমি আজ-কালের মধ্যে সরেজমিনে ওই বিদ্যালয় পরিদর্শন করে অবস্থা বুঝে পরবর্তী নির্দেশনা পাঠাবো।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১