আপডেট : ১৫ February ২০২০
গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে খেলার মাঠ রক্ষার দাবিতে শনিবার বিকেলে মানববন্ধন করেছে এলাকার শিশু-কিশোররা। ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পদ্মার মোড় এলাকায় শতাধিক শিশু-কিশোর মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে। আশ্রয়কেন্দ্রের জন্য বরাদ্দকৃত এই স্থানে ইতিমধ্যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে শিঘ্রই আশ্রয় কেন্দ্র নির্মাণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। দীর্ঘদিন বিশাল এ জায়গাটি পড়ে থাকায় স্থানীয় যুবকরা তা খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছিল। কর্মসূচীতে অংশ নেয়া স্থানীয় দশম শ্রেণির ছাত্র মো. রাজীব, হৃদয় শেখ, সানজিদ রহমান, শিহাব হোসেনসহ অন্যান্য শিশু-কিশোররা জানায়, পড়ালেখার পাশাপাশি তারা এ মাঠে দীর্ঘদিন ধরে খেলাধুলা করে আসছে। এখানে নতুন আশ্রয়ন কেন্দ্র স্থাপন করা হলে দেবগ্রামের আর কোন খেলার মাঠ থাকবে না। ফলে এই এলাকা খেলাধুলায় পিছিয়ে পড়বে। যুবসমাজ খেলাধুলা থেকে বঞ্চিত হয়ে মাদক ও সন্ত্রাসী কর্মকা-ে জড়িয়ে ধ্বংস হয়ে যাবে। বিষয়টি নিয়ে তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে। অষ্টম শ্রেণির ছাত্র শরীফুল ইসলাম জানায়, তারা জানতে পেরেছে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী আজ এখান দিয়ে যাবেন, তাই তার কাছে দাবি জানানোর জন্য তারা এখানে একত্রিত হয়ে মানববন্ধন কর্মসূচী পালন করছে। এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু জানান, সরকরী খাস ভুক্ত ওই নিচু জমিতে ২০১৩-১৪ অর্থ বছরে আশ্রয়ন প্রকল্পের জন্য ১৬২ টন টিআর বরাদ্দ দিয়ে মাঠটি ভরাট করা হয়। বিভিন্ন জটিলতায় আশ্রয়ন প্রকল্পের কাজ বিলম্বিত হয়েছে। তাই সেখানে স্থানীয় শিশু কিশোররা খেলার মাঠ হিসেবে ব্যাবহার করার সুযোগ পেয়েছে। কিন্তু মাননীয় প্রধান মন্ত্রীর অগ্রাধিকার ভিত্তির আওতায় ওই স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আশ্রয়ন প্রকল্পের ঘর তৈরীর কাজ দ্রুত শুরু হবে। এ লক্ষে ইতিমধ্যে সেনাসদস্যরা কাজ শুরু করার লক্ষ্যে সরেজমিন পরিদর্শন করে গেছেন। এ প্রকল্প এখন বন্ধ বা স্থাগিত করার কোন সুযোগ নেই। তবে শিশু কিশোরদের দাবির প্রতি একমত পোষন করে তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে ওই এলাকায় একটি খেলার মাঠ নির্মাণ করা হবে। এ জন্য তিনি স্থানীয় চেয়ারম্যানসহ অন্যান্যদের নির্দেশনা দিয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১