আপডেট : ১৭ February ২০২০
নন্দিত লাক্স তারকাভিনেত্রী শেখ সামরোজ আজমী আলভী। দুই বছর বিরতির পর দুটি ধারাবাহিক নাটকের মধ্য দিয়ে আবারো অভিনয়ে নিয়মিত হচ্ছেন। আগামীকাল থেকে আলভী ফরিদুল হাসানের পরিচালনায় মেগা ধালাবাহিক নাটক ‘ফরেন ভিলেজ’-এ অভিনয়ের মধ্য দিয়ে আবারো ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন। এই নাটকে বিদেশ ফেরতে মিস সুইটির চরিত্রে অভিনয় করবেন বলে নিশ্চিত করেছেন আলভী। সুইটি চরিত্রটি নাটকে তুলে ধরছেন নাটক্যার বরজাহান হোসেন। নাটকে আলভীর মায়ের চরিত্রে অভিনয় করবেন দিলারা জামান। আবার এই ধারাবাহিকের কাজ করার পরপরই আলভী আগামী মাসের শুরু থেকে গুণী নাট্য নির্মাতা কায়সার আহমেদের পরিচালনায় ‘চাঁন বিরিয়ানী’ ধারাবাহিকের কাজ শুরু করবেন। এ নাটকটি রচনা করেছেন রিজওয়ান খান। নাটকটি নির্মিত হবে মাছরাঙা টিভির জন্য। অন্যদিকে ‘ফরেন ভিলেজ’ নাটকটি নির্মিত হবে বাংলাভিশনে প্রচারের জন্য। তবে কবে থেকে এই দুটি নাটক দুটি ভিন্ন চ্যানেলে প্রচার শুরু হবে তা প্রাথমিকভাবে জানা যায়নি। বিরতির পর অভিনয়ে ফেরা প্রসঙ্গে আলভী বলেন, ‘২০১৮ সালের ২৫ জানুয়ারি আমার কোলজুড়ে আমার প্রথম সন্তান কন্যা আহেলী আসে। এরপর থেকে প্রায় দুই বছর তাকে নিয়েই আমার যত ব্যস্ততা ছিল। যে কারণে অভিনয়ে সময় দেওয়া একেবারেই সম্ভব হয়নি। এখন বেশ কিছুটা নিজেকে গুছিয়ে নিয়েছি। তাই আবারো অভিনয়ে নিজেকে ব্যস্ত করে তুলতে চাচ্ছি। শুরুতেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহর কাছে যে তিনি আমাক সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সুন্দর একটি জীবন দিয়েছেন। ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় কায়সার ভাই ও ফরিদুল ভাইকে, কারণ তারা দুজনই আমাকে নিয়ে নতুন করে কাজ শুরু করতে যাচ্ছেন।’ এদিকে অভিনয়ে নিয়মিত হওয়ার পাশাপাশি আলভী উপস্থাপনায় ভীষণ আগ্রহ প্রকাশ করেছেন। ২০১৭ সালে তিনি বাংলাভিশনে ‘আমাদের রান্না ঘর’র প্রায় একবছর উপস্থাপনা করেন। সেই সময়ই তার জীবনে সুখবর আসে মা হওয়ার। যে কারণে অভিনয় ও উপস্থাপনা ছেড়ে দিয়ে নিজের জীবনে মনোযোগী হতে হয়। সর্বশেষ দুই বছর আগে ফরিদুল হাসানের সাত পর্বের ধারাবাহিক ‘বউয়ের দোয়া পরিবহন’ ও শাহজাদা মামুনের ‘পাত্র নির্বাচন’ খণ্ড নাটকে অভিনয় করেন। সিনেমাতে কাজ করারও প্রবল আগ্রহ আছে আলভীর। তবে সেক্ষেত্রে তার বেশি আগ্রহ মুক্তিযুদ্ধের গল্পভিত্তিক সিনেমায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১