বাংলাদেশের খবর

আপডেট : ১৮ February ২০২০

নেত্রীর মুক্তি নিয়ে রাজনীতি করছে বিএনপি : কাদের


বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেছেন, ফখরুল সাহেব ঝানু রাজনীতিক হতে পারেন কিন্তু ভালো চিকিৎসক না। তিনি কিভাবে বলবেন খালেদার শরীরের অবস্থা কেমন? তারা সব কিছুতেই রাজনীতি করতে চায়, তাই তাদের নেত্রীর মুক্তি নিয়েও রাজনীতি করছে। 

আজ মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলটির খুলনা বিভাগীয় অঞ্চলের সঙ্গে বিশেষ যৌথ সভায় তিনি এ কথা বলেন।

এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি খালেদা জিয়ার শারিরীক অবস্থা নিয়ে রাজনৈতিক ফয়দা হাসিল করতে চায়। যে বিষয়টি আদলতে তা নিয়ে তারা রাজনীতি করছে।

খালেদা জিয়ার প্যারোলে মুক্তি সরকারের হাতে নেই জানিয়ে ওবায়দুল কাদের আরো বলেন, খালেদা জিয়ার মামলা দুর্নীতির মামলা। সরকার কীভাবে মুক্তি দেবে? যদি রাজনৈতিক মামলা হতো তাহলে রাজনৈতিক বিবেচনায় মুক্তির প্রশ্ন ছিল?

তিনি বলেন, অসত্য কথা কেন বলবো। তিনি আমাকে অনুরোধ করেছেন। তিনি কি প্রমাণ করতে চান যে তিনি অনুরোধ করেননি। তাহলে কিন্তু প্রমাণ দিয়ে দেবো। কারণ টেলিফোনে যে সংলাপ, এটা তো আর গোপন থাকবে না। এটা বের করা যাবে। ফোনে কথা বলবে এটা কি গোপন রাখা যাবে। এটার রেকর্ড আছে।

কাদের বলেন, এ নিয়ে তাকে ছোট করতে চাই না। তিনি নাকি এক জায়গায় বলেছেন, কথা বলেননি। তিনি আমার সঙ্গে কথা বলেছেন। সেটার রেকর্ড রয়েছে। আমি আর নিচে যেতে চাই না। উনি নিজেকে কেন নিচে নিয়ে যাচ্ছেন।

এ দিকে নেতাকর্মীদের সতর্ক করে ওবায়দুল কাদের বলেন, মুজিব বর্ষ পালনের নামে কোনো চাঁদাবাজির দোকান খোলা বা কোনো রকম বাড়াবাড়ি করা যাবে না। অত্যন্ত সুশৃঙ্খলভাবে মুজিব বর্ষ পালন করে বঙ্গবন্ধুর আদর্শের পতাকা ঊর্ধ্বে তুলে ধরতে হবে। সামান্য ভুলে বিরোধীপক্ষ সুযোগ নিতে পারে তাই মুজিব বর্ষ পালনে সবাইকে সতর্ক থাকতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১