বাংলাদেশের খবর

আপডেট : ২২ February ২০২০

মির্জাপুরে কাভার্ড ভ্যান- হিউম্যানহলার সংঘর্ষে নিহত ৪


টাঙ্গাইলের মির্জাপুরে কাভার্ড ভ্যান- হিউম্যানহলার সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই স্থানীয় নাসির গ্লাস ইন্ডাস্ট্রিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

আজ শনিবার ভোর ৬ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই অংশের জুই-যুথী পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার গবিন্দরায় গ্রামের সুলতান মিয়ার স্ত্রী জাহানুর (১৮), একই এলাকার অমল্য চন্দ্র দাসের ছেলে তপন চন্দ্র দাস (২৫), টাঙ্গাইলের গোপালপুর থানার আল আমিন মিয়ার স্ত্রী মর্জিনা বেগম (২৭), রংপুর জেলার রাশেদা বেগম।

এ ঘটনায় হেলেনা, পারভীন ও রেজিয়া নামের আরও ৩ জন আহত অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।

আহতদের স্বজন ও গোড়াই হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভোর ৬ টার দিকে উপজেলার গোড়াই থেকে যাত্রী নিয়ে একটি ম্যাক্সি জুই যুথী পাম্পে জ্বালানী নিতে ঢোকার সময় পেছন থেকে অজ্ঞাত একটি কাভার্ড ভ্যান এটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। অ‍াহত ৫জনকে উদ্ধার করে কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ‌আরো দুইজন মারা যায়।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। এছাড়া অজ্ঞাত কাভার্ড ভ্যানটি আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১