আপডেট : ২৯ February ২০২০
লালমনিরহাটের পাটগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় বেনারশি শাড়ি ও পেয়াজসহ দুই ব্যক্তিকে আটক করেছে। এ সময় মালামালসহ পরিবহনের তিনটি ট্রাক্টর ট্রলি জব্দ করা হয়। গোপন সংবাদের ভিক্তিতে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোজাম্মেল হকের নেতৃত্বে একদল পুলিশ গতকাল শুক্রবার রাত সাড়ে দশটায় পাটগ্রাম-দহগ্রাম আঞ্চলিক সড়কের কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি কুজারবাজার নামক সড়কে অভিযান চালায়। এ সময় তিনবিঘা করিডোর গেটে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- এর চোখ ফাঁকি দিয়ে দহগ্রাম থেকে চোরাইপথে আনা ভারতীয় ১২ বস্তায় ২৪০ টি বেনারশি শাড়ি ও ৪৮ বস্তায় ৫৪ মন (প্রতি মন ৪০ কেজি) পেয়াজসহ দুই ট্রলি চালককে আটক করে। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ১৪ লাখ ৮ হাজার টাকা। আটক ট্রলির চালকরা হলেন, উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের ললিতারহাট গ্রামের রফিকুল ইসলাম (২২) ও দহগ্রাম ইউনিয়নের খোরশেদ আলম (২০)। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উদ্ধারকৃত ভারতীয় মালামালের মালিকসহ চার ব্যক্তি ও অজ্ঞাতনামা এক ব্যক্তিসহ পাঁচ জনের নামে চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আটক চালকদের আজ শনিবার লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১