বাংলাদেশের খবর

আপডেট : ০১ March ২০২০

লবণ শিল্প বাঁচাতে মাঠ থেকে সরকারিভাবে লবণ কিনতে হবে: কক্সবাজার জেলা বিএনপি


মাঠ পর্যায় থেকে কৃষকের কাছ থেকে সরাসরি লবণ কেনা,বিদেশ থেকে লবণ আমদানী বন্ধ এবং যে সব কোম্পানি লবণ আমদানি করে তারা যেন প্রক্রিয়াজাত করে প্যাকেট লবণ বিক্রি করতে না পারে সেই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কক্সবাজার জেলা বিএনপি।

আজ রোববার কক্সবাজারের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ শাহজাহান চৌধুরী।

তিনি বলেন,লবণ কক্সবাজারের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। এই শিল্পটিকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে। ষড়যন্ত্র থেকে উত্তরণ ও ষড়যন্ত্রকারিদের মুখোশ উম্মোচন করতে হবে।

বক্তব্যে তিনি লবণ শিল্প বাঁচাতে তিনটি করণীয়ের কথা জানান।

সেগুলো হলো-চাহিদা মোতাবেক শিল্প লবণ আমদানি হোক। কিন্তু চাহিদার চেয়ে অতিরিক্ত শিল্প লবণ আমদানি অবশ্যই বন্ধ করতে হবে। যে সব কোম্পানি শিল্প লবণ আমদানি করে তারা যেন প্রক্রিয়াজাত করে খাদ্য লবণ বাজারজাত করতে না পারে, সে ব্যাপারে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। এবং সরকারি উদ্যোগে মাঠ পর্যায়ে উৎপাদিত লবণের ন্যায্যমূল্য প্রতিকেজি ১৫ টাকা নির্ধারণ করতে হবে। অথবা চাষীদের কাছ থেকে ন্যায্যমূল্যে প্রতিকেজি ১৫ টাকা দামে সরাসরি লবণ কিনতে হবে।

বিএনপি নেতারা আক্ষেপ করে বলেন, একদিকে মাঠে পড়ে আছে লাখ লাখ মেট্রিক টন লবণ, অন্যদিকে শিল্প লবণের নামে বিদেশ থেকে লবণ আমদানি করে সেই লবণকে খাদ্য লবণে প্রক্রিয়াজাত করছে আমদানিকারক নামধারি কতিপয় রক্তচোষা! আর মাথার ঘাম পায়ে যে সকল চাষীরা মাঠে লবণ উৎপাদন করছেন সেই সকল চাষীরা উৎপাদিত লবণের ন্যায্যমূল্য না পেয়ে মাঠ ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। যেহেতু তারা ঋণ কিংবা দাদন নিয়ে মাঠে নেমেছিল, সেহেতু সেই ঋণ শোধ করতে না পেরে পালিয়ে বেড়াচ্ছে। যারাও মাঠে আছে তারাও যে কোন সময় মাঠ ছেড়ে পালানোর চেষ্টায় আছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন  জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী,সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন -জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মাবুদ, মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আমিনুল হক, কেন্দ্রীয় যুবদলের সদস্য এম. মোক্তার আহমদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আমীর আলী, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিউল আলম, জেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদুল হক রাসেল, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. সরওয়ার রোমন, সাবেক ছাত্রনেতা আবছার কামাল, মহেশখালী বিএনপি নেতা আকতার হোসাইন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১