বাংলাদেশের খবর

আপডেট : ০৮ March ২০২০

অস্ত্রের পর মাদক মামলায়ও জি কে শামীমের জামিন বাতিল


অস্ত্র মামলার পর এবার মাদক মামলাতেও বহিষ্কৃত যুবলীগ নেতা জি কে শামীমের জামিন বাতিল করেছেন হাইকোর্ট।

আজ রোববার দুপুরে জি কে শামীমের অস্ত্র মামলায় দেয়া জামিন মঞ্জুর করে দেয়া আদেশ প্রত্যাহার করার পর এবার মাদক মামলায় দেয়া জামিনও প্রত্যাহার করে নেয়া হয়। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগের আদেশ প্রত্যাহার করে এ আদেশ দেন। এর ফলে ওই মামলায় জি কে শামীমের জামিন বাতিল হয়ে যায়।

এর আগে সকালে এ দুই মামলাতে পাওয়া জামিন বাতিল চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। একই সঙ্গে তার জামিন সংক্রান্ত সকল নথি তলব করেন প্রধান বিচারপতি।

আদালত সূত্রে  জানা গেছে, জামিনের আদেশটি পুনর্বিবেচনার জন্য বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের বেঞ্চের কার্যতালিকায় রাখা হয়।

গতকাল শনিবার তার আইনজীবী শওকত ওসমান জানিয়েছিলেন, ফেব্রুয়ারি মাসের ৪ ও ৬ তারিখে তিনি হাইকোর্টের দুই বেঞ্চ থেকে অস্ত্র ও মাদক আইনের দুই মামলায় জামিন পেয়েছেন। একটি এক বছর ও অপরটিতে ছয় মাসের জামিন পেয়েছেন। মানিলন্ডারিং ও দুদকের আরও দু’টি মামলা আছে সেগুলোর জন্য অলরেডি হলফনামা করা হয়েছে।

তবে রাষ্ট্রপক্ষ এ বিষয়ে কিছু জানাতে পারেনি। জামিনের বিষয়ে জানা নেই বলে দাবি করেছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুর রহমান খান।

গত বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনের অফিস থেকে ৬ দেহরক্ষী ও বিপুল পরিমাণ নগদ টাকা, এফডিআর ও স্বর্ণালঙ্কারসহ গ্রেফতার করা হয় যুবলীগের কেন্দ্রীয় কমিটির তৎকালীন সমবায় বিষয়ক সম্পাদক জি কে শামীমকে। তার বিরুদ্ধে অস্ত্র, অর্থপাচার ও মাদক মামলা রয়েছে।

রাজধানীর সবুজবাগ, বাসাবো, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় জি কে শামীম প্রভাবশালী ঠিকাদার হিসেবেই পরিচিত ছিলো। এছাড়া গণপূর্ত ভবনের বেশিরভাগ ঠিকাদারি কাজই ছিলো জি কে শামীমের নিয়ন্ত্রণে। গ্রেফতারের পর জি কে শামীমের বিষয়ে বেরিয়ে আসতে থাকে শত শত কোটি টাকার নানা অনিয়মের কথা। এছাড়া গত বছরের ২১ অক্টোবর জিকে শামীমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করে দুর্নীতি দমন কমিশন।

মামলায় জিকে শামীম অবৈধ উপায়ে মোট ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার ৫৫১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ আনা হয়। এসব মামলায় একাধিকবার জি কে শামীকে রিমান্ডে নেয়া হয়েছে। মামলাগুলোর মধ্যে অস্ত্র ও মাদক আইনের মামলায় চার্জশিট হয়েছে। বাকিগুলোর তদন্ত চলছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১