আপডেট : ১২ March ২০২০
চ্যানেল আই-এ অনুষ্ঠিত রিয়েলিটি শো ‘গানের রাজা’র অন্যতম সফল কণ্ঠ শফিকুল ইসলাম। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হলেও জনপ্রিয়তার বিচারে এখন তিনি এগিয়ে আছেন সবচেয়ে। এর মধ্যে সিএমভি’র ব্যানারে ইমরানের সুরে প্রকাশ পেয়েছে তার পরপর দুটি গান ও ভিডিও। ‘ভাবতে ঘেন্না লাগে’ ও ‘মন বইলা কিছু নাই’ শিরোনামের গান দুটি বেশ জনপ্রিয়তা পায়। সেই ধারাবাহিকতায় এবারই প্রথম শফিকুল গাইলেন একটি নাটকের জন্য। আভ্রাল শাহিরের কথা-সুরে তৈরি ভিন্ন স্বাদের এই গানের নাম ‘প্রেমের পোকা’। গানটি তৈরি হলো সৈকত রেজার গল্প ও নির্মাণে বিশেষ নাটক ‘পপুলার প্রেমিক’-এর জন্য। বুলবুল মাসুদের চিত্রনাট্যে এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিন। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হলো। শেষ হলো গানের রেকর্ডিংও। শফিকুলের গান গাওয়া প্রসঙ্গে নির্মাতা সৈকত রেজা বলেন, ‘বিষয়টি অনেকটা প্ল্লেব্যাকের মতোই। নাটকের চিত্রনাট্যে একটি গান ডিমান্ড করছিল। যে গানটি ছাড়া আসলে গল্পের বাঁক ঘোরাতে পারছিলাম না। অবশেষে চিত্রনাট্যের সূত্র ধরে গানটি লেখা ও সুর হলো। কণ্ঠশিল্পী হিসেবে আমরা বেছে নিলাম শফিকুলকে। অসাধারণ গেয়েছে সে।’ এদিকে নাটকের জন্য প্রথম গান গাওয়া প্রসঙ্গে শফিকুলের মন্তব্য এমন, ‘এই গানটি গেয়ে আমার মনে হলো সিনেমার জন্য গাইলাম। খুবই সুন্দর একটি গান হয়েছে।’ সিএমভির প্রযোজনায় ‘পপুলার প্রেমিক’ নাটকটি ১৬ মার্চ উন্মুক্ত হওয়ার কথা রয়েছে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। কাছাকাছি সময়ে আলাদা করে প্রকাশ পাচ্ছে নাটকের গানটিও। জানালেন প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১