বাংলাদেশের খবর

আপডেট : ১৪ March ২০২০

শত শিল্পীর অংশগ্রহণে নজরুলের দুই গান


আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেমস অব নজরুল বাংলাদেশের বিশিষ্ট শত শিল্পীর পরিবেশনায় নির্মিত হয়েছে একটি বিশেষ মিউজিক ভিডিও। নাম ‘আত্মা অনিরুদ্ধ’।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দুটি বিখ্যাত গান, একটি প্রার্থনা সংগীত ‘জাগো অমৃত পিয়াসী’, অপরটি জাগরণী সংগীত ‘জয় হোক সত্যের জয়’ গান দুটি থাকছে তাতে। ৫০ জন সংগীতশিল্পী ও ৫০ জন নৃত্যশিল্পী সমন্বয়ে তৈরি করা হয়েছে মিউজিক ভিডিওটি।

জেমস অব নজরুলের এটি ১১তম প্রযোজনা। এতে অংশ নিয়েছেন বরেণ্য সংগীতশিল্পী শাহীন সামাদ, ডালিয়া নওশিন, সাদিয়া আফরিন মল্লিক, ফাতেমা-তুজ-জোহরা, খায়রুল আনাম শাকিল, সুমন চৌধুরী, শেলু বড়ুয়া, জোসেফ কমল রড্রিক্স, ইয়াসমিন মুশতারী, করিম হাসান, নাসিমা শাহিন, আফসানা রুনা, তানজিনা করিম স্বরলিপি, শাহিদ কবির পলাশ এবং এ সময়ের আরো বিশিষ্ট শিল্পীরা।

এটির পরিকল্পনা, পরিচালনা ও সম্পাদনা করেছেন নজরুল পদকপ্রাপ্ত বিশিষ্ট শিল্পী ও সাংবাদিক সাদিয়া আফরিন মল্লিক। নৃত্য পরিচালনা করেছেন দুই বরেণ্য নৃত্যশিল্পী শামীম আরা নিপা ও শিবলী মোহাম্মদ। সংগীতায়োজন করেছেন প্রখ্যাত সংগীত পরিচালক ইবরার হোসেন টিপু।

ঐতিহাসিক সংসদ ভবন ও সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল প্রাঙ্গণে ভিডিওটির চিত্র ধারণ করা হয়েছে। ১৭ মার্চ চ্যানেল আইতে প্রচার হবে গানটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১