আপডেট : ২১ March ২০২০
রাজবাড়ীতে করোনা ভাইরাস নিয়ে বিতর্কের জেরে দুপক্ষের সংঘর্ষে লাভলু মোল্লা নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১২ জন। আজ শনিবার সকালে বরাট ইউনিয়নের ভবদিয়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত লাভলু মোল্লা (৪০) সদর উপজেলার ভবদিয়া গ্রামের মৃত ওয়াকিল উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহতরা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন জানান, গত বুধবার (১৮মার্চ) ভবদিয়া এলাকায় খলিলুর রহমান নামে এক বৃদ্ধ মারা যান। বৃদ্ধের মৃত্যুকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে অভিযোগ করেন লাভলু মোল্লা। এ নিয়ে বৃদ্ধর আত্মীয়-স্বজনদের সঙ্গে লাভলু মোল্লার কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতিও হয়। এ ঘটনার জের ধরে শনিবার সকালে লাভলু মোল্লা ভবদিয়া বাজার এলাকায় আসলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে লাভলু মারা যান এবং আহত হন অন্তত ১২ জন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে বলেও জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১