বাংলাদেশের খবর

আপডেট : ২১ March ২০২০

দেশে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার বাংলাদেশে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে দুই জন মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন চার জন। এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ জনে।

আজ শনিবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই তথ্য জানান।

ব্রিফিংয়ে মন্ত্রী আরো জানান, দেশে প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেনটাইনে রাখা হয়েছে ৫০ জনকে। এর আগে, শুক্রবার এই সংখ্যা ছিল ৪৪। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয় জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হয়েছে। হোম কোয়ারেন্টাইন ১৪ হাজার আছেন।

মার্চের শুরু থেকে যারা বিদেশ থেকে এসেছেন, আত্মগোপনে থাকলেও তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে বলেও তিনি জানিয়েছেন।

করোনার বিস্তাররোধে এরই মধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা-সমাবেশ ও গণজমায়েতের ওপর। এমনকি মাদারীপুরের শিবচর উপজেলাকে লকডাউনও ঘোষণা করা হয়েছে।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারি। এতে এতে সারাবিশ্বে এখন পর্যন্ত ২ লাখ ৭৬ হাজার ৪৬২ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১১ হাজার ৪১৭ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ হাজার ৯৫৪ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১