আপডেট : ২৩ March ২০২০
রাজবাড়ীর গোয়ালন্দে জমা-জমির দখল নেয়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা সোহরাব শেখের (৬৫) বিরুদ্ধে তার বৃদ্ধা মা মুলুকজান বিবি (৮৫) ও ছোটভাই নান্নু শেখ’কে (৪৮) মারপিটের অভিযোগ পাওয়া গেছে। আহত বৃদ্ধ মাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযুক্ত সোহরাব উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আজ সোমবার সকালে নান্নু শেখ বাদী হয়ে সোহরাব শেখকে প্রধান আসামী করে মোট ৭ জনের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ এজাহারভুক্ত আসামী সোহরাবের ছেলে মাসুদ (৩০) ও ভাতিজা হিরু’কে (২৫) সোমবার দুপুরে গ্রেপ্তার করে। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেনের সাথে ও তার অন্যন্যা ভাইদের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে শুক্রবার দুপুরে সোহরাবের নেতৃত্বে ছোটভাই নান্নুকে মারপিট করা হয়। তাকে রক্ষা করতে এসে বৃদ্ধা মুলুকজানও মারপিটের শিকার হন। মারপিটে সোহরাব ছাড়াও তার অপর ভাই মুন্নাফ ও তাদের ছেলেরা অংশ নেয়। মারপিটের এক পর্যায়ে নান্নু প্রতিবেশী নৈমদ্দি শেখের ঘরে পালিয়ে আত্মরক্ষার চেষ্টা করে। সোহরাব ও তার লোকজন সেখানে গিয়ে বাড়ীর দরজা ভেঙ্গে পুনরায় নান্নুকে মারপিটর করে। এ সময় বৃদ্ধ মা নান্নুকে রক্ষার জন্য ওই ঘরের দরজা আগলে দাড়ায়। তখন সোহরাবের ছেলে মাসুদ, মেয়ে সীমা, মুন্নাফের ছেলে হিরু ওই বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর তাদের হাতে থাকা কাঠের বাঠাম দিয়ে বৃদ্ধার হাতে আঘাত করে। এতে ওই বৃদ্ধা আহত হলে তাকে গোয়ালন্দ হাসপাতালে এনে ভর্তি করা হয়। নান্নুকেও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ভূক্তভোগী নান্নু জানান, প্রায় ৭ মাস আগে তিনি তার নিজস্ব জায়গার উপর ঘর তুলতে গেলে তার বড় ভাই সোহরাব বাধা দেয়। এরপর থেকে সেখানে পড়ে থেকে ২৭ বস্তা সিমেন্ট, বালু কাঠসহ অন্যন্যা জিনিস নষ্ট হচ্ছে। এরপর শুক্রবার অন্যজায়গায় ঘর তোলার চেষ্টা করলেও বড়ভাই সোহরাব, তার ছেলে মুন্নাফ, মাসুদ,হিরুসহ ৭/৮জন এসে আমাকে মারপিট করে। বৃদ্ধ মা আমাকে রক্ষার জন্য এগিয়ে এলে তাকেও মারপিট করা হয়। গোয়ালন্দ হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধা মুলুকজান অভিযোগ করে বলেন, তার বড় দুই ছেলে সোহরাব ও মুন্নাফ এবং তাদের ছেলেরা লাঠি সোঠা নিয়ে আমার ছোট ছেলে নান্নুকে মারপিট করতে থাকে। সে প্রতিবেশীর এক বাড়ীতে পালিয়ে যায়। কিন্তু ওরা সেখানেও তাকে মারতে যায়। তখন আমি ঠেকাতে গেলে হিরু,মুন্নাফ ও সীমাকে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কাঠের পাটাম দিয়ে আঘাত করে। আওয়ামীলীগ নেতা সোহরাব মারপিটের ঘটনা অস্বীকার করে বলেন, আমার মা একজন চরম মিথ্যাবাদী। ওই দিন কোন মারপিটের ঘটনা ঘটে নাই। তিনি উল্টো অভিযোগ করে বলেন, আমার মা তার ছোট ছেলেকে গোপনে জমি লিখে দিয়েছে। এ ঘটনার মিমাংসার চেষ্টা করাতে আমার অপরাধ হয়েছে। এ গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান পিপিএম জানান, এ ঘটনায় সোমবার মামলা দায়েরের পর মাসুদ ও হিরু নামের দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১