বাংলাদেশের খবর

আপডেট : ২৮ March ২০২০

যৌতুকের দাবীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যৌতুকের দাবীতে নাসরিন খাতুন ওরফে শারমিন (২০) নামের এক গৃহবধুকে পিটিয়ে হত্যার লিখিত অভিযোগ করেছেন তার পরিবার।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, তাড়াশ উপজেলার বারুহাঁস ইউনিয়নের কাজিপুর গ্রামের মোঃ সাইফুল ইসলামের মেয়ে শারমিনের উল্লাপাড়া উপজেলার প্রতাপ গ্রামের সাখোয়াত হোসেনের ছেলে আব্দুস সালামের (৩৫) সাথে ২ বছর আগে বিয়ে হয়।

বিয়ের সময় শারমিনের দরিদ্র পিতা মেয়ের সুখের কথা ভেবে নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার সহ আসবাবপত্র প্রদান করে। পরবর্তীতে বিয়ের ৬ মাস পর থেকে আব্দুস সালাম আবারও ৫০ হাজার টাকা যৌতুক দাবী করে গৃহবধূ শারমিনকে বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে।

শারমিনের বাবা আরো অভিযোগ করেন, গত বৃহস্পতিবার জামাই আব্দুস সালাম যৌতুকের দাবীতে তার মেয়েকে মারপিট করতে থাকে। এক পর্যায়ে ঘটনাস্থলেই শারমিনের মৃত্যু হলে তার গলায় ওড়না পেঁছিয়ে আত্মহত্যার প্রচারণা চালায়।

পরে শারমিনের বাবা আত্মীয়-স্বজন নিয়ে ওই বাড়ীতে গেলে মেয়ের জামাই আব্দুস সালাম ও পরিবারের লোকজন বাড়ী থেকে পালিয়ে যায়।

এদিকে ওই দিন বিকালে পুলিশ শারমিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

গৃহবধুর বাবা লিখিত অভিযোগে আরো উল্লেখ করেন, এ ঘটনায় তিনি হত্যা মামলা করতে চাইলে উল্লাপাড়া থানার এসআই মোশারফ হোসেন তাকে হত্যা মামলা না করে ইউডি মামলা করার জন্য কাগজপত্রে স্বাক্ষর নেন।

এ প্রসঙ্গে উল্লাপাড়া থানার ওসি দীপক কুমার জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা আলামত পাওয়ায় ইউডি মামলা হয়েছে। পরবর্তীতে ময়না তদন্তের প্রতিবেদন পেলে প্রতিবেদন মোতাবেক আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১