বাংলাদেশের খবর

আপডেট : ২৯ March ২০২০

করোনা ভাইরাস

দেশের চলমান ছুটি শেষে পরবর্তী সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী


করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান বাধ্যতামূলক ছুটি শেষে দেশের পরিস্থিতি বুঝে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (২৯ মার্চ) আইইডিসিআরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত বাংলাদেশে করোনা সংক্রমণ সফলভাবে সীমিত রাখা গেছে। ৪ এপ্রিল সাধারণ ছুটি শেষ হওয়ার পর যখন জনগণ গ্রাম থেকে ফিরবেন তখন যাতে আবারও করোনা সংক্রমণ না ঘটে, সে বিষয়ে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত জানাবেন প্রধানমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমি করোনায় আক্রান্ত নই। টেস্ট করেছি; কোয়ারেন্টাইনে নই। এ মুহূর্তে সবাই যেভাবে রয়েছেন; আমিও সেভাবে আছি।

তিনি আরও বলেন, চিকিৎসকদের নিরাপত্তার জন্য ইতোমধ্যে ৩ লাখ পিস পিপিই (পারসোনাল প্রোটেকশন ইকুপমেন্ট) দেয়া হয়েছে। এছাড়াও ব্যক্তি উদ্যোগেও অনেক পিপিই দেয়া হচ্ছে। সরকারি-বেসরকারি বিভিন্ন সাহায্য আসার কথা জানিয়ে সবাইকে ধন্যবাদও জানান তিনি।

এদিকে বাংলাদেশে নতুন করে কারো শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি এবং মারাও যাননি বলে জানান জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

রোববার (২৯ মার্চ) দুপুর ১২টার কিছুক্ষণ পরে অনলাইনে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১