বাংলাদেশের খবর

আপডেট : ৩১ March ২০২০

‘ঘরে অবস্থান করাটাই বুদ্ধিমানের কাজ হবে’


মরণব্যাধি করোনা ভাইরাস নিয়ে সতর্কতা হিসেবে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে আছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদেরও সচেতন করছেন।  শুধু মাহি নন, শোবিজের   কোনো তারকাই এখন আর ঘর থেকে বের হচ্ছেন না। পাশাপাশি ভক্ত-অনুসারীদেরও নিরাপদে থাকার জন্য সচেতনতামূলক ভিডিও প্রকাশ করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

সাত দিন ধরে নিজেকে গৃহবন্দি রাখা মাহি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাসা থেকে বের হবেন না বলেই জানালেন।  মাহি বলেন, ‘দিন দিন যেন আতঙ্ক বাড়ছে। কী হবে আমরা কেউই জানি না।’ ভক্ত-অনুসারীদের উদ্দেশে এই নায়িকা বলেন, ‘বাইরে বের হলেই এই ভাইরাস ছড়ানোর সুযোগ আছে। তাই সবারই ঘরে অবস্থান করা বুদ্ধিমানের কাজ হবে।’

ঘরে কীভাবে সময় কাটাচ্ছেন? জানতে চাইলে উত্তরে মাহি বলেন, ‘কাজের মানুষদের ছুটি দিয়েছি আগেই। বাসায় প্রতিদিন নিজের কাজ নিজেই করছি। ঘর গোছাচ্ছি, সাজাচ্ছি। দিনে ও রাতে কিছু সময় ফেসবুক বন্ধুদের সঙ্গে থাকছি। আগে টেলিভিশনে খবর শোনা হতো না, এখন দিনরাত অনেকবার খবর দেখছি।’

বেশ আবেগঘন কণ্ঠে মাহি বলেন, ‘মুসলমান হিসেবে কখনো এটা চিন্তা করতে পারি, আমাদের জানাজা আত্মীয়-স্বজনরা পড়তে পারবে না? আমরা কি কখনো চিন্তা করতে পারি, আমাদের বাবা-মা মারা যাবে অথচ তাদের চেহারাটা দেখতে পাবো না। শেষবারের মতো একটিবার জড়িয়ে ধরতে পারবো না! সেটি কি চিন্তা করতে পেরেছি? পারিনি। কিন্তু সেটা এখন হচ্ছে।’

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার একটি উপায় হচ্ছে বার বার হাত ধোয়া। এ ছাড়া একে-অপরের কাছ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখা। মাহি সবাইকে এগুলো মেনে চলতে অনুরোধ করেন।

তিনি বলেন, ‘বাসা থেকে বের হবেন না। নিজের বাসায় সাবধানে থাকুন। আমাদের প্রধানমন্ত্রী করোনা মোকাবিলায় আমাদের প্রধানমন্ত্রীও অনেক প্রস্তুতি নিয়েছেন। সবাই মিলে সচেতন না হলে তিনি একা কিছু করতে পারবে না। আমরা সবাই সচেতন হবো।’

তবে বাসায় থাকলেও আতঙ্ক কাটাচ্ছে হচ্ছে দিন। পরিস্থিতি কোন দিকে যাবে সেটা ভাবাচ্ছে তাকে। খবরে যেভাবে মানুষের বাড়ি ফেরার জন্য ভিড় দেখেছেন সেটা তার উৎকণ্ঠা বাড়িয়ে দিচ্ছে বলেই জানালেন। তাই মন্তব্য করলেন, ‘করোনায় স্রষ্টার বিশেষ কৃপা ছাড়া  আমাদের বাচানো সম্ভব নয়।’

ঢালিউডের একজন আলোচিত নায়িকা মাহিয়া মাহি। প্রথম ছবি ‘ভালোবাসার রঙ’ দিয়েই বাজিমাত করেছিলেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ছবিতে অভিনয় করে গেছেন। নান্দনিক অভিনয় দিয়ে মাহি ঢালিউডে নিজের আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। মাহি আইটেম গানেও ভালোই নিজের ঝলক দেখিয়েছেন। তার প্রথম আইটেম গান ‘অগ্নি টু’ ছবির ‘ম্যাজিক মামণি’ আলোচিত হয়। এরপর কয়েক মাস আগে ‘অন্ধকার জগৎ’ ছবির একটি গানে পারফর্ম করে প্রশংসা পান তিনি। এভাবে মাহি আইটেম গার্ল হিসেবে পরিচিতি পান। নতুন ‘রঙিলা বেবি’ আইটেম গানেও মাহি তার চমক দেখালেন ।

মাহি জানান, তার কাছে এখনো প্রচুর নতুন ছবির প্রস্তাব আসছে। কিন্তু গৎবাধা জোয়ারে নিজেকে ভাসাতে চান না তিনি। তাই হিসেব কষে পা ফেলতে চান।

ছবিতে অভিনয়ের পাশাপাশি টেলিভিশন অনুষ্ঠানেও দেখা যায় এ নায়িকাকে। পাশাপাশি ওয়েব সিরিজে কাজ করার জন্য আগ্রহও প্রকাশ করেছেন মাহি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১