বাংলাদেশের খবর

আপডেট : ০৩ April ২০২০

মেঘনায় ভাংচুর ও লুটপাট, আহত ২০


তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের মেঘনা উপজেলার রামপ্রসাদের চর গ্রামে হামলা চালিয়ে বেশ কিছু ঘরবাড়ি, দোকানপাট ভাংচুর ও লুটপাট করেছে পাশ্ববর্তী টিটিরচর গ্রামের সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে এ লুটপাটের ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীদের বাধা দেওয়ায় নারীসহ ২০ গ্রামবাসীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানায়, উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের রামপ্রসাদের গ্রামের একজন যুবক একটি মেয়েকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় তাদের প্রতিবেশী টিটিরচর গ্রামের যুবকদের সঙ্গে রামপ্রসাদের চর গ্রামের যুবকদের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে গত বৃহস্পতিবার রাতে পূর্ব পরিকল্পিতভাবে টিটিরচর গ্রামের সন্ত্রাসী সানাউল্লা মেম্বার, মহসিন মিয়া ও পিচ্চি শাহজাহানের নেতৃত্বে মঙ্গল মিয়া, হুমায়ুক কবির, রাজা মেম্বার, সুরুজ হোসেন, দেলোয়ার ওরফে দিলা, আরিফ মিয়া, খান বাহাদুর, ইকবাল হোসেন সহ কয়েক শত লোকের একটি বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে রামপ্রসাদের চর গ্রামে হামলা চালায়।

স্থানীয় সূত্র আরও জানায়, সন্ত্রাসীরা হামলা চালিয়েছে পাশ্ববর্তী টিটিরচর গ্রামের জয়নাল ভান্ডারী, কাজী নজরুল ইসলাম, আসকর আলী মেম্বার, অ্যাডভোকেট কামরুজ্জামান, মাঈন উদ্দিন, আনোয়ার মিস্ত্রী, নাছির মিয়া, শফি বেগম সহ শতাধিক বাড়ি ঘর ও দোকানপাটে ভাংচুর করে স্বর্ণালংকার ও নগদ টাকা সহ প্রায় এক কোটি টাকার মালামাল লুট করে নেয়।

এ সময় সন্ত্রাসীদের বাধা দিতে যাওয়ায় রবিন মিয়া, সোহান হোসেন, আলম চান, কাজল মিয়া, রিয়াজ হোসেন, আল আমিন, কামারুন নাহার, মুল্লুকচান, গাফ্ফার হোসেন, আসমা বেগম, জালাল মিয়া ও মসজিদের ইমাম মনিরুজ্জামান সহ ২০ গ্রামবাসীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয় বলে জানা যায়।

আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামপ্রসাদের চর গ্রামের বাসিন্দা ও চালিভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক জয়নাল ভান্ডারী ও আসগর আলী মেম্বার জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টিটিরচর গ্রামের সন্ত্রাসীরা আমাদের গ্রামের শতাধিক বাড়িঘর, দোকানপাট ভাংচুর ও লুটপাট করে ২০ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১