বাংলাদেশের খবর

আপডেট : ০৭ April ২০২০

কলমাকান্দায় ২৮টি চোরাই গরু উদ্ধার, সহোদর ভাইসহ গ্রেপ্তার ৩


নেত্রকোণার কলমাকান্দায় ২৮টি চোরাই গরুসহ সহোদর ভাইসহ ৩ গরু চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনায় সোমবার ১৫ জনের নাম উল্লেখসহ কলমাকান্দা থানায়  ৮টি চুরি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বড়খাপন ইউনিয়নের চেমটি গ্রামের ইসলাম উদ্দিনের দুই পুত্র আনোয়ার (৪৫) ও সাজু মিয়া (৩৫) এবং একই ইউনিয়নের রিকা চর গ্রামের মনির উদ্দিন (ছোট্টনী) এর পুত্র মাসুদ (৪৫)।

স্থানীয় ইউপি মেম্বার মো. আব্দুল কাদির জানান বড়খাপন ইউনিয়নের চেমটি রিকাচর গ্রাম  থেকে রোববার ও সোমবার কলমাকান্দা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২৮টি চোরাই গরু উদ্ধারসহ ৩ পেশাদার গরু চোরকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান একেএম হাদিছুজ্জামান হাদিছ জানান, পুলিশি অভিযানে রোববার সন্ধ্যায় গরু চুরির সাথে জড়িত থাকার অভিযোগে গরু চোরদের পৃথক পৃথক  স্থান থেকে গ্রেপ্তার করে ২৭টি গরু উদ্ধার করে। পরে সোমবার বিকালে বড়খাপন ইউনিয়নের সাবেক মেম্বার ফরহাদের বাড়ি থেকে কাজলা রংয়ের আরো একটি ষাঁড় গরু পুলিশ উদ্ধার করে নিয়ে যায় । তবে বাড়িতে ফরহাদ মেম্বারকে পাওয়া যায়।

পুলিশ সুত্রে জানা যায়,  গোপন সংবাদের ভিত্তিতে গরু উদ্ধার  ও চোরদের গ্রেপ্তারে মাঠে নামে  পুলিশ। ৩ গরু চোরকে গ্রেপ্তার করা হয়েছে।  গ্রেপ্তারকৃতদের প্রাথমিক  স্বীকারোক্তিমূলক জবানবন্দীর সুত্র ধরে দু'দিনে ছোট-বড় ২৮ টি চোরাই গরু উদ্ধার করা হয় । এ ঘটনায় থানায় জিডি বা অভিযোগ দায়ের করা হলে পুলিশ সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকটি গরু চুরির ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করে।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল করিম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৭ জন গরুর মালিক এবং পুলিশ বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ আসামী করে মোট ৮ টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সন্ধ্যায়   গ্রেফতারকৃতদের নেত্রকোণা আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও মালিকদের গরু বুঝিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১