আপডেট : ১৫ April ২০২০
বিশ্বজুড়ে মানুষ আজ করোনার ভয়ে ঘরবন্দী। মেনে চলতে হচ্ছে সামাজিক দূরত্ব থেকে শুরু করে সব রকম জনসমাগম। না মেনেও উপায়তো নেই। করোনায় আক্রান্ত হয়ে মরতে চায় না কেউই। কিন্তু এই প্রাণঘাতী ভাইরাসটির এখনো ভ্যাকসিন আবিষ্কার করতে পারে নি বিজ্ঞানীরা। আর ভ্যাকসিন হাতে না পেলে ২০২২ সাল পর্যন্ত ঘরে থাকা, স্কুল বন্ধ রাখার মতো সামাজিক দূরত্ব মেনে চলতে হতে পারে যুক্তরাষ্ট্রকে। মার্কিন গবেষকরা মঙ্গলবার ‘জার্নাল সায়েন্সে’ প্রকাশিত গবেষণাপত্রে এমনটিই পূর্বাভাস দিয়েছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য স্কুলের গবেষকরা বলেছেন, ২০২২ সাল পর্যন্ত সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। যতক্ষণ মানুষ দৈহিকভাবে যথেষ্ঠ সক্ষমতা অর্জন না করবে বা আক্রান্ত হলে চিকিৎসা না পাবে কিংবা ভ্যাকসিন আবিষ্কার না হলে, ততদিন এভাবেই চলতে হবে। সূত্র : সিএনএন গবেষণাপত্রে আরও বলা হয়, যদি এর মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের অবসানও ঘটে, তারপরও যথাযথ মনিটরিং ব্যবস্থা থাকতে হবে, কেননা ২০২৪ সালের শেষদিকে এ ভাইরাসের ফের প্রাদুর্ভাবের আশংকা করছেন বিজ্ঞানীরা। এদিকে হার্ভার্ডের গবেষকদের এ পর্যবেক্ষণ হোয়াইট হাউসের পূর্বাভাসের একদম বিপরীত। হোয়াইট হাউস থেকে এক পর্যবেক্ষণে বলা হয়েছিল, এই গ্রীষ্মেই করোনা ভাইরাস মহামারী দূর হয়ে যাবে। তবে এব্যাপারে জোরালো অবস্থান নিয়ে হার্ভার্ড জনস্বাস্থ্য স্কুলের মহামারীবিদ্যা বিষয়ক অধ্যাপক ড. মার্ক লিপসিচ বলেন, সবচেয়ে বড় ব্যাপার হলো কবে নাগাদ মানুষ কোভিড ১৯ ভাইরাস প্রতিরোধী হয়ে উঠবে, সেটিই বলা মুশকিল। গবেষকরা আরও হুঁশিয়ারি দিয়েছেন, লকডাউন পরিস্থিতি যদি খুব শিগগির তুলে নেওয়া হয়, তবে এ ভাইরাস আবারও ফিরে আসতে পারে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১