বাংলাদেশের খবর

আপডেট : ২২ April ২০২০

মনোহরদীতে শিল্পমন্ত্রীর নির্দেশে কৃষকদের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ


প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের নির্দেশে কৃষকদের জমিতে থাকা পাকা ধান কেটে দিচ্ছেন নরসিংদীর মনোহরদী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার সকালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুনূর ইসলাম নাঈমের নেতৃত্বে ১৫ সদস্যের একটি দল মনোহরদী পৌরসভার ১ নং ওয়ার্ড অর্জুনচর এলাকার মোজায়েদ উদ্দিন নামের এক কৃষকদের জমির পাকা বোরো ধান কেটে দেন।

পরে কাটা ধান ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের বাড়িতে পৌঁছে দেন। করোনাভাইরাসের কারণে উপজেলায় চলতি বোরো মৌসুমে ব্যাপক ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় হতদরিদ্র ও বর্গাচাষীদের ধান কেটে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে ছাত্রলীগ। আর এই মহামারির সময়ে বিনা পারিশ্রমিকে ধান কেটে দেওয়ায় খুশি দরিদ্র কৃষকসহ এলাকাবাসী।

কৃষক মোজায়েদ উদ্দিন বলেন, জমিতে ধান পেকে গেছে। কয়েকদিন ধরে কাটার জন্য শ্রমিক খুঁজছিলাম। এ অবস্থায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুনূর ইসলাম নাঈম তার দলীয় নেতা-কর্মীদের নিয়ে আমার ক্ষেতের ধান কেটে দিলো। এই ধান কেটে দেওয়ায় আমার খুব উপকার হয়েছে। আমি উপজেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানাই।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুনূর ইসলাম নাঈম বলেন, সারাদেশে চলছে করোনা ভাইরাসের সংক্রমণ। এই সংক্রমণ প্রতিরোধে চলছে লকডাউন। শ্রমিক সংকটের কারণে উপজেলার কৃষকরা জমির পাকা ধান কাটতে পারছেন না। বিষয়টি শিল্পমন্ত্রী এ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন জানতে পেরে তিনি ছাত্রলীগের সর্বস্তরের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন স্বেচ্ছাশ্রমে কৃষকদের ধান কেটে দিতে। শিল্পমন্ত্রীর নির্দেশে আমরা উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগ কৃষকদের সাহায্যে এগিয়ে এসেছি। যে কৃষক আমাদের ধান কেটে দিতে বলবে আমরা তার জমিতে গিয়ে ধান কাটাসহ বাড়িতে পৌঁছানোর কাজে সার্বিক সহযোগিতা করবো।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আতিকুর রহমান, মনোহরদী পৌরসভার ১ নং ওয়ার্ডের কমিশনার বাবুল সরকার, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মজিবুর রহমান,মনোহরদী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম জুয়েল ও সাধারণ সম্পাদক আরিফ শেখ, ছাত্রলীগ নেতা তৌফিকুল ইসলাম, আনিসুর রহমান রুমেল, হাসিবুল ইসলাম শাকিলসহ প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১