আপডেট : ২২ April ২০২০
আবদুল হামিদ একজন বহুমাত্রিক কৃষক। রয়েছে মাছের খামার, রয়েছে গরুর খামার। এসবের বাইরেও তিনি সফল ধান চাষী। এবার এ কৃষক ৭ বিঘা বোরো ধান আবাদ করেছেন। এরই মধ্যে দুই আড়াই বিঘা ধান ক্ষেত পাকা শেষ। কাটার উপযুক্ত হয়েছে। কিন্তু মহামারি করোনার থাবায় সে ধান ঘরে তোলাই বিপদ হয়ে পড়েছে। শ্রমিক সংকটে সে ধান কাটা মাড়াই বন্ধ রয়েছে। ক্ষেতেই ধান নষ্টের উপক্রম। তবে সে আপদকালীন বিপদ থেকে উত্তরণের জন্য ছাত্রলীগ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। ইতোমধ্যে ওই কৃষকের দেড় বিঘা ক্ষেতের ধান কেটে দিয়েছে উপজেলা ছাত্রলীগ। গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়েনর বাঁশবাড়ি গ্রামে আজ বুধবার দিনব্যাপী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ ধান কাটার কাজ করে ছাত্রলীগ। এ সময় বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ গ্রহন করে। কৃষক আবদুল হামিদ জানান, সব ক্ষেতের ধানই প্রায় কাটার উপযুক্ত হয়ে পড়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সব ধানই কেটে ফেলতে হবে। তিনি বলেন, বৈশাখের শুরুতে কয়েক দফার বৃষ্টিতে পাকা ধান ক্ষেতে পানি জমে গেছে। এ সময় বেশ কিছু ধান হেলে পড়ে মাটিতে। তিনি আরো জানান, আজ কয়েজন শ্রমিক নিয়ে দুই আড়াই বিঘা ক্ষেত কাটা হয়েছে। এ সময় ছাত্রলীগের ছেলেরাও আমার ক্ষেতের ধান কেটে দিয়েছে। এতে সহজেই অল্প সময়ে অনেক বেশি পরিমান ধান কাটা সম্ভব হয়েছে। তিনি বলেন, আশপাশের আরো অনেক কৃষক শ্রমিক সংকটে ধান কাটতে পারছে না। এ আপদকালীন সময়ে তাদের ধান কাটতে ছাত্রলীগ সহায়তা করলে উপকৃত হবে অসহায় কৃষকরা। শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু জানান, করোনার কবলে পড়ে পৃথিবী স্তব্ধ হয়ে পড়েছে। করোনার এ মহামারিতেই আমাদের কৃষি প্রধান দেশে হাজার হাজার বিঘা ধান ক্ষেত কাটার উপযুক্ত হয়ে পড়েছে। ভয়ে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। চলছে লকডাউন। সারা দেশে সাধারণ ছুটিও চলছে করোনার কারনে। এ অবস্থায় কৃষকরা শ্রমিক সংকটে পাকা ধান কাটতে পারছে না। এ সংকট কাটাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগকে নির্দেশ দিয়েছেন আমাদের দেশের প্রান কৃষকের পাশে দাঁড়াতে। কৃষকে ধান কেটে মাড়াইয়ে সহযোগিতা করতে। তাই উপজেলা ছাত্রলীগ কৃষকের পাশে আছে। নিয়মিত সহযোগিতা করবে কৃষকদের। তিনি বলেন এ সময় জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জাহিদুল আলম রবিন উপস্থিত ছিলেন। শ্রীপুর উপজেলা কৃষিকর্মকর্তা এ এস এম মূয়ীদুল হাসান বলেন, বোরো ধান আবাদ কৃষকের বড় ফসল। এমন সময় দেশে করোনার ছোবলে সে ধান কাটা মাড়াই সংকটাপন্ন হয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকেও কৃষকের ধান দ্রুত ঘরে তোলার জন্য বলা হয়েছে। প্রয়োজনীয় সকল সহযোগিতার ব্যবস্থা করতে বলা হয়েছে। করোনার পরের সময় খাদ্য সংকট নিরসনে যে কোনো উপায়ে সকলের সহযোগিতার মাধ্যমে কৃষকের এ মৌসুমের বোরো ধান ঘরে তুলতে হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১