বাংলাদেশের খবর

আপডেট : ২৮ April ২০২০

কবরস্থান নিয়ে হিন্দু খ্রিস্টান সম্প্রদায়ের সংঘর্ষ, আহত ৭


সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর দক্ষিণ জোড়পুকুর এলাকায় একটি কবরস্থানের সীমানা নিয়ে হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে সংঘর্ষে  সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় সম্প্রদায়ের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, মাধাইনগর এলাকায় রয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষের বসবাস। এরা সবাই হিন্দু ধর্মাবলম্বী। প্রায় এক দশক আগে এদের মাঝে বেশ কিছু পরিবার খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। সে কারণে তাদের উভয়ের জন্য ব্যবহৃত কররস্থানটি ভাগাভাগি করে সীমানা নির্ধারণ করে নেয়।

খ্রিস্ট সম্প্রদায়ের নেতা ধীরেন্দ্র নাথ মাস্টার অভিযোগ করে বলেন, আজ মঙ্গলবার সকাল আটটার দিকে ডা. সুশীল ও হিতেন্দ্র নাথ টপ্যর নেতৃত্বে হিন্দু সম্প্রদায়ের ৩০-৩৫ জন লোক এসে তাদের সীমানার বেড়া জোর করে তুলে প্রাচীর নির্মাণের চেষ্টা করে। এ সময় আমরা বাঁধা দিতে গেলে সংঘর্ষ লেগে যায়। এতে সুমন সাউড় (২১), সুনীল এক্কা (৪০), সুরবালা আইন্দ (৭০), শান্তি সাউড় (৬০), এলেমদা তির্কিসহ (৫০) তাদের সাত জন আহত হয়।

অপরদিকে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের নেতা পরিতোষ টপ্য পাল্টা অভিযোগ করে বলেন, ওই কবরস্থান হিন্দু সম্প্রদায়ের রের্কডীয় সম্পত্তি। এর বাইরে কিছুটা সরকারি খাস সম্পত্তি রয়েছে। আমরা আমাদের সীমানার চার ফুট রেখে প্রাচীর নির্মাণ করতে গেলে তারা মেয়েদের এগিয়ে দিয়ে পরিকল্পিত হট্টগোল তৈরি করেন।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলম বলেন,  খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১