বাংলাদেশের খবর

আপডেট : ০১ May ২০২০

রিকশা চালিয়ে উপার্জিত অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিলেন তারা মিয়া


নেত্রকোনার দুর্গাপুরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তারা মিয়া । দিনরাত রিকশা চালিয়ে গত ২২ বছর ধরে পরিবারের ভরণপোষণ করে আসছেন তিনি । তবে দেশের চলমান করোনা ভাইরাসের সংকটে গত দুই মাস ধরে রিকশা চালিয়ে তেমন কোনো আয় করতে পাচ্ছেন না তিনি । লকডাউনের কারণে বন্ধ বাজারগুলো আর মানুষ তেমন একটা আসে না বাজারে । তাই প্রতিদিন সকালে রিকশা নিয়ে বের হলেও খরচের টাকা তুলতে কোনরকমে হিমশিম খান তিনি।

তবে দেশের এই চলমান সংকটের মাঝেও থেমে নাই তার মানব কল্যাণ। পরিবারের ভরণ পোষণ করেও রিকশা চালিয়ে উপার্জিত টাকার কিছু অংশ জমিয়ে রাখেন মানুষের কল্যাণের জন্য । আর এই জমানো টাকাই এবার করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ হাজার ২০০ টাকার অনুদান দিলেন তিনি ।

শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার এমপি ও উপজেলা নির্বাহী অফিসারের হাতে তুলে দেন এই অনুদানের টাকা ।

উপজেলার সদর ইউনিয়নের চকলেংগুরা গ্রামের গ্রামের বাসিন্দা তারা মিয়া । দারিদ্রতার কারণে ছোটবেলায় বন্ধ হয়ে যায় পড়ালেখা । ছোট থেকেই বাবার সাথে হাল ধরতে হয় সংসারের । তবে পড়ালেখার প্রতি ভালোবাসা ছিল তার সব সময় । তাই বড় হয়ে বারবার ছুটে চলেছেন আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সহায়তায় শিক্ষার্থীদের পাশে ।

প্রায় ৪ বছর যাবত উপজেলার ১৭টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসার হতদরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে খাতা, কলম, পেন্সিল, পেন্সিল বক্স, টিফিন বক্স,ফুটবল সহ বিভিন্ন প্রকার উপকরণ দিয়ে শিক্ষার্থীদের সহায়তা করে আসছেন তিনি । কিন্তু গত দুই মাস ধরে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় বন্ধ রয়েছে তার এই সহায়তা কার্যক্রম ।

তাই এবার এগিয়ে এসেছেন তার মতো আরো অসহায় মানুষগুলোর পাশে । গত কয়েক মাস ধরে অল্প অল্প করে জমানো প্রায় ১০ হাজার ২০০ শত টাকা অসহায় মানুষগুলো সহায়তায় অনুদান হিসেবে দিলেন তিনি ।

রিক্সাচালক তারা মিয়া জানায়, করোনা ভাইরাসের কারণে দিন এনে দিন খাওয়া মানুষগুলো আজ অনেকটাই অসহায় । আমি গরিব হলেও আমার একটি রিক্সা আছে এই রিক্সা চালিয়ে কোনো রকমে ঠিকই আমার সংসার চালিয়ে নিতে পারবো । কিন্তু যাদের কোন কিছুই নাই তারা কি করবে । তাই তাদের কথা ভেবে গত কয়েক মাসের জমানো কিছু টাকা মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছি ।

এব্যাপারে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার এমপি জানান, আমি খুবই আনন্দিত । তারা মিয়া নিজে একজন দরিদ্র রিক্সা চালক হয়েও দেশের এই ক্রান্তিলগ্নে মানুষের সহায়তায় এগিয়ে এসেছে । তার এই অর্থ অসহায় মানুষের মাঝে ত্রাণ হিসেবে ব্যবহার করা হবে । পাশাপাশি আহ্বান জানাচ্ছি সমাজের বিত্তবান যারা আছেন তারাও যেনো অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়ায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১