আপডেট : ০৫ May ২০২০
টাঙ্গাইলের সখীপুরে চার বছর ধরে উপকারভোগীর কার্ড দিয়ে চাল তোলার অভিযোগে উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মিনহাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। ওই রাতেই উপজেলা খাদ্য পরিদর্শক শামীম আল ফারুক বাদী হয়ে মিনহাজ উদ্দিনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেছেন। অন্যদিকে কার্ডধারীকে চাল না দেওয়ার অপরাধে সোহরাব আলী নামের এক চালের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা আদালত পরিচালনা করেন। আদালত সূত্রে জানা যায, গ্রেপ্তার হওয়া ইউপি সদস্য মিনহাজ উদ্দিন ২০১৬ সালে শোলা প্রতিমা গ্রামের কালা মিয়ার কাছ থেকে ছবি ও জাতীয় পরিচয়পত্র নিয়ে খাদ্য বান্ধব কর্মসূচির একটি কার্ড করেন। কিন্তু ওই কার্ড কালা মিয়াকে না দিয়ে চার বছর ধরে চাল তুলে আত্মসাৎ করেন। রোববার ইউপি সদস্য মিনহাজ উদ্দিন হঠাৎ ওই কার্ডটি কালামিয়ার হাতে পৌঁছে দেন। চার বছর পর কার্ডটি হাতে পেয়ে কালামিয়া জানতে পারেন তাঁর নামে বরাদ্দকৃত ৬০০ কেজি চাল ওই ইউপি সদস্য তুলে নিয়েছেন। কালামিয়া ওই কার্ড নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আসেন। পরে ইউএনও আসমাউল হুসনা লিজা সংশ্লিষ্ট ইউপি সদস্য মিনহাজ উদ্দিন ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার সোহরাব আলীকে তাঁর কার্যালয়ে ডেকে আনেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় উপকারভোগীর সঙ্গে প্রতারণার অভিযোগে খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার সোহরাব আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অন্যদিকে চাল আত্মসাতের অভিযোগে ইউপি সদস্য মিনহাজ উদ্দিনকে পুলিশে সোপর্দ করেন। ইউএনও আসমাউল হুসনা লিজা বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগীর সঙ্গে প্রতারণা করার অভিযোগে ডিলারকে অর্থদণ্ড ও ইউপি সদস্য মিনহাজ উদ্দিনের নামে দুর্নীতির মামলা করার জন্য খাদ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আলম ফাহিম বলেন, ইউপি সদস্য মিনহাজ উদ্দিনের নামে চাল আত্মসাতের মামলা হয়েছে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১