বাংলাদেশের খবর

আপডেট : ১২ May ২০২০

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ইউনিট স্থাপনের সিদ্ধান্ত


কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত আইসিইউ ইউনিট স্থাপন এবং চালু করা ও করোনার রোগীর চিকিৎসার জন্য এ হাসপাতলকে প্রস্তুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারের জরুরি এ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে এ জরুরি বৈঠকে হয়।

৫০০ শয্যার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেই জেলার ১৭ উপজেলার করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হবে। কুমিল্লা জেলা প্রশসকের কক্ষে রূদ্ধদার বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের সিদ্ধান্ত নিয়ে ব্রিফিং করেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ চালু করা হবে। এর জন্য স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম অর্থ বরাদ্দ দিয়েছেন। আমরা এ অর্থ দ্রুত কাজে লাগিয়ে আইসিইউ ইউনিট স্থাপন ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা রোগীদের জন্য প্রস্তুত করবো।

তিনি আরও বলেন, আগে থেকেই কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচর ফরটিজ হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য প্রস্তুত রাখার সিদ্ধান্ত হয়েছিল। এখন আইসিইউসহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে প্রস্তুত করা হচ্ছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে শুধু করোনা পজেটিভ রোগীদেরই চিকিৎসা দেয়া হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা সিভিল সার্জন মো. নিয়াতুজ্জামান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম ও স্থানীয় সরকার মন্ত্রীর বিশেষ মুখপাত্র মোঃ কামাল হোসেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১