আপডেট : ১২ May ২০২০
বাংলাদেশের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের দুই বছর পূর্ণ হয়েছে আজ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে ২০১৮ সালের ১২ মে কক্ষপথের উদ্দেশে সফলভাবে উৎক্ষেপণ করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। বঙ্গবন্ধু স্যাটেলাইট (বিএস-১) দেশের সবগুলো বেসরকারি টেলিভিশন চ্যানেলকেই সম্প্রচার সুবিধা দেয়ার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিশেষ আগ্রহের কারণে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সম্প্রচার সুবিধা এপ্রিল মাস থেকে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলোতে পৌঁছে দিচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ জানান, কোভিড-১৯ মহামারির কারণে সৃষ্ট পরিস্থিতিতে তারা এবার দিবসটি তেমন ঘটা করে উদযাপন করছেন না। ড. মাহমুদ বলেন, বিসিএসসিএলের ভবিষ্যত পরিকল্পনা রয়েছে। তবে তারা দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ প্রক্রিয়াটি ত্বরান্বিত করার জন্য পরামর্শক নিয়োগ করা হয়েছে। তবে কোভিড-১৯ মহামারিতে তাদের সেই কাজ আপাতত বন্ধ আছে। তিনি বলেন, গত ১০ এপ্রিল, থাই উপগ্রহ সিরিজ থাইকোম-৬ এর সহযোগিতায় বিএস-১ বিটিভির উপগ্রহ ভিত্তিক শাখা বিটিভি ওয়ার্ল্ডের মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলোতে অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করেছে। বিসিএসসিএল চেয়ারম্যান বলেন, প্রাথমিকভাবে এটি পরীক্ষামূলক। বিটিভি ওয়ার্ল্ডের সম্প্রচারের ফলাফলের ভিত্তিতে আমরা মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং অন্যান্য অঞ্চলের জন্য দেশের অন্যান্য বেসরকারি টেলিভিশন চ্যানেল চালুর প্রক্রিয়া শুরু করব। উল্লেখ্য, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নির্মাণ এবং উৎক্ষেপণের পুরো প্রক্রিয়ায় ব্যয় হয়েছিল প্রায় দুই হাজার ৭৬৫ কোটি টাকা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১