বাংলাদেশের খবর

আপডেট : ১৬ May ২০২০

সখীপুরে বোরো ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন


টাঙ্গাইলের সখীপুরে চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের জন্য লটারি অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। আজ শ‌নিবার দুপু‌রে উপ‌জেলা প‌রিষদ সভাক‌ক্ষে উন্মুক্ত লটা‌রির মাধ্য‌মে ৮৯৫ জন কৃষক বাছাই করা হয়েছে। বাছাইকৃত কৃষকদের কাছ থেকে সরকারি নির্ধারিত মূল্যে ধান ক্রয় করবে সরকার। 

ইউএনও ও উপজেলা ধান-চাল সংগ্রহ মনিটরিং কমিটির সভাপতি আসমাউল হুসনা লিজার সভাপতিত্বে লটারি অনুষ্ঠিত হয়। এ লটা‌রির মাধ্য‌মে  উপজেলা কৃষি অফিসের তালিকাভুক্ত ৪৫২৯ জন কৃষকের মধ্যে ৮৯৫ জন কৃষক সরাসরি সরকারের কাছে ধান বিক্রির সুযোগ পেলেন।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা নূরুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আশরাফুল আলম ফাহিম, কালিয়া ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান, বহুরিয়া ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান,  কৃষি ও খাদ্যবিভাগের লোকজনসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি ও খাদ্য বিভাগ জানায়, এ বছর সখীপুরে আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৬৮৫ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষমাত্রা ধরা হয়েছে। প্রতি মণ বুরো ধান এক হাজার চল্লিশ টাকায় (২৬ টাকা কেজি দরে) সরকার কৃষকদের কাছ থেকে ক্রয় করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউর হুসনা লিজা ব‌লেন, লটা‌রি বিজয়ী প্রত্যেক কৃষক নিজেই ধান দিবেন। নিজের কার্ড অন্যের কাছে বিক্রি করতে পারবেন না। কার্ড হস্তান্তর বা বিক্রির তথ্য পাওয়া গেলে স্থায়ীভাবে তার কার্ড বাতিল করা হবে। 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১