আপডেট : ১৭ May ২০২০
টেকনাফে বিজিবি ও পাচারকারীদের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। আজ রোববার ভোর সোয়া ৪টার দিকে টেকনাফের নয়াপাড়া লবণ মাঠে এ ঘটনা ঘটে। বিজিবি জানিয়েছে, ঘটনাস্থল তল্লাশি করে ২ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি এলজি, দুটি কার্তুজের খালি খোসা ও একটি লম্বা কিরিচ উদ্ধার করা হয়। এছাড়া এ অভিযানে তাদের দুই সদস্য আহত হয়েছে। নিহতের নাম সাকের (২২)। সে উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা খায়রুল আমিনের ছেলে। জানা যায়, রোববার ভোরের দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের নয়াপাড়া বিওপির বিশেষ টহল দল মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে মোচনী ও নয়াপাড়া লবণের মাঠে অবস্থান নেন। কিছুসময় পর ওই পয়েন্ট দিয়ে ৩/৪ লোক বস্তা নিয়ে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করে বিজিবি। এ সময় মাদক কারবারী চক্রের সদস্যরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে বিজিবির দুই সদস্য আহত হয়। পরে বিজিবিও আত্নরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে মাদক কারবারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় সাকেরকে (২২) উদ্ধার করে বিজিবি। তাকে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। পরে কক্সবাজার জেলা সদরে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। এদিকে আহত বিজিবি জওয়ানদের টেকনাফ কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান মাদক বিরোধী অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, উক্ত বিষয়ে তদন্ত স্বাপেক্ষে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১