আপডেট : ১৭ May ২০২০
নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড এটি। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা হলো ২৯২। এ ছাড়া করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছেন ৪ জন। রোববার দুপুরে জেলার সিভিল সার্জন মো. ইব্রাহীম টিটন এ তথ্য নিশ্চিত করেন। এদিকে নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে আরও এক ব্যক্তির (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত ব্যক্তি নরসিংদী পৌর শহরের বৌয়াকুড় এলাকার বাসিন্দা। করোনা প্রতিরোধ সেলের কুইক রেসপন্স টিমের আহবায়ক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহ আলম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতের স্বজনেরা জানান, নিহত ব্যক্তি ৫ থেকে ৬ দিন ধরে জ্বর, ঠান্ডা-কাশিতে ভুগছিলেন। তার পাতলা পায়খানাও হচ্ছিলো। করোনার এসব উপসর্গ দেখা দিলেও সাধারণ জ্বর মনে করে তিনি বিষয়টি এড়িয়ে যান। শনিবার রাত ৯টার দিকে তার শ্বাসকষ্ট শুরু হয়। পরে রাত ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। খবর পেয়ে রাতেই করোনা প্রতিরোধ সেলের কুইক রেসপন্স টিম মরদেহ উদ্ধার করে। করোনা প্রতিরোধ সেলের কুইক রেসপন্স টিমের আহবায়ক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহ আলম মিয়া বলেন, করোনা উপসর্গ দেখা দিলেও তিনি তা গোপন করেন। রাতে শ্বাসকষ্টে তার মৃত্যু হলে স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ গভীর রাত্রে সৎকারের ব্যবস্থা করা হয়। এদিকে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, গত বুধবার জেলা থেকে ১৪৪ জনের নমুনা রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে পরীক্ষার জন্য পাঠানো হয়। গতকাল শনিবার রাত ১০টার দিকে পাওয়া ফলাফলে জানা যায়, নতুন করে আরও ৩৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে দুজন আগেই সংক্রমিত ছিলেন, তাঁ\রা করোনামুক্ত হয়েছেন কিনা জানতে নমুনা পরীক্ষা করা হয়েছিল। নতুন করে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মাধবদীর ১৬ জনসহ সদর উপজেলার ৩৬ জন আছেন। আরেকজন বেলাব উপজেলার। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা লোকজনকে হোম কোয়ারেন্টিনে রাখার পাশাপাশি নমুনা সংগ্রহের কাজ চলছে। আর করোনা পরিস্থিতিতে জেলার সবচেয়ে খারাপ অবস্থা দেখা যাচ্ছে সদর উপজেলায়। এখানে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৯০ জন। এ ছাড়া রায়পুরায় ২৭ জন, পলাশে ১৮ জন, শিবপুরে ২৬ জন, বেলাবতে ২৬ জন ও মনোহরদীতে ৫ জন আক্রান্ত হয়েছেন। মারা যাওয়া কোভিড–১৯ রোগীদের মধ্যে তিনজনের বাড়ি সদর উপজেলায়, অন্যজনের বাড়ি পলাশে। নরসিংদীর সিভিল সার্জন ইব্রাহিম টিটন বলেন, রবিবার পর্যন্ত জেলার ৬টি উপজেলা থেকে মোট ২২৫৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ২৯২ জনকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন হাসপাতালে ১৫ জন এবং বাড়িতে ১১৪ জন আইসোলেশনে আছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ১৫৯ জন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১