বাংলাদেশের খবর

আপডেট : ০৭ June ২০২০

সুন্দরবনে কীটনাশক দিয়ে মাছ শিকারের অভিযোগে ৬ জেলে আটক


সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে খালে কীটনাশক দিয়ে মাছ শিকারের অভিযোগে ছয় জেলেকে আটক করেছে বনবিভাগ। এসময় তাদের কাছ থেকে সাড়ে পাঁচ মন চিংড়ি ও সাদা মাছ, একটি ট্রলার, ডিঙি নৌকা উদ্ধার করা হয়।

শনিবার বিকেলে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের গহীন বনের ছাপড়াখালি খালে অভিযান চালিয়ে বনবিভাগ মাছসহ তাদের আটক করে। রোববার বিকেলে শরণখোলা রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম সরকার বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে বন আইনে পৃথক দুটি মামলা করেছেন। বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালি গ্রামের আলী আকবরের ছেলে আজগর আলী, একই গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে জাকির হোসেন, আল আমিন শেখের ছেলে সাকিব শেখ এবং মোখলেস শেখের ছেলে এমাদুল শেখ এবং শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আব্দুল হক খানের ছেলে সেলিম খান একই গ্রামের আব্দুর রব হাওলাদারের ছেলে কবির হাওলাদার।

সুন্দরবন পূর্ব বিভাগের সহকারি বন সংরক্ষক (এসিএফ) জয়নাল আবেদিন জানান, শনিবার বিকেলে সুন্দরবনের ছাপড়াখালি এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশ করে একদল মাছ শিকারি মাছ শিকার করছে এই গোপন সংবাদের ভিত্তিতে বনের টহল দল সেখানে অভিযান চালিয়ে একটি ট্রলার, একটি ডিঙি নৌকাসহ ছয়জনকে আটক করে। পরে তাদের নৌকায় তল্লাশি চালিয়ে চিংড়ি, দেশি বিভিন্ন প্রজাতির সাদা মাছসহ মোট ২২৩ কেজি মাছ জব্দ করা হয়। জেলেরা সহজে মাছ শিকার করতে খালের পানিতে কীটনাশক মিশিয়ে এই মাছ শিকার করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এছাড়া তাদের ব্যবহ্নত কীটনাশকের একটি বোতল জব্দ করা হয়েছে। খালে ক্ষতিকর কীটনাশক প্রয়োগ করায় দেশিয় অসংখ্য প্রজাতির মাছের মৃত্যু হয়েছে। তাদের বিরুদ্ধে বন আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১