বাংলাদেশের খবর

আপডেট : ০৯ June ২০২০

ধনবাড়ীতে শিশুর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার, এলাকাবাসীর ধারণা ধর্ষণের পর হত্যা


টাঙ্গাইলের ধনবাড়ীতে নিখোঁজের একদিন পর তিশা আক্তার নামে পাঁচ বছরের এক মেয়ে শিশুর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার পাইস্কা ইউনিয়নের দরিচন্দবাড়ী দক্ষিণ পাড়া গ্রামে। নিহত তিশা মেহেরপুর জেলার গাংনী উপজেলার হিজলবাড়ী গ্রামের মো. এলামুল হকের মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের দরিচন্দবাড়ী দক্ষিণ পাড়া গ্রামে নানা বাড়ী থেকে তিশা সোমবার (৮ জুন) দুপুরে নিখোঁজ হয়। এরপর নানা জায়গায় খোঁজাখোঁজি ও মাইকিং করে খোঁজ না পেয়ে ধনবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়।

খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ গতকাল মঙ্গলবার সকালে তিশার নানার বাড়ীর উত্তর পাশের বাঁশ ঝাঁড়ের জঙ্গল থেকে তিশার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে। এলাকাবাসীর ধারণা কণ্যা শিশু তিশাকে ধর্ষণের পর হত্যা করে দুর্বৃত্তরা বাঁশ ঝাঁড়ের জঙ্গলে ফেলে দেয়।

মামা ফরিদ মিয়া জানান, তিশার বাবা-মা ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করায় তিশা নানার বাড়িতেই থাকতো। তিশার হত্যাকরীদের তিনি দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

ধনবাড়ী থানার ওসি মো. চান মিয়া জানান, খবর পেয়ে শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১