আপডেট : ১২ July ২০২০
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম যে কোন সময় গ্রেপ্তার হতে পারে, তার বিদেশে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, সাহেদ বড় অন্যায় করেছেন, তার অপকর্মের ব্যপারে ইতোমধ্যে র্যাব-পুলিশ তদন্ত শুরু করেছে। তাকে খোঁজা হচ্ছে, তিনি যেখানেই থাকুক, তাকে আত্মসমর্পণ করতে হবে, নতুবা পুলিশ তাকে ধরে ফেলবে। আইন শৃংখলা বাহিনী শিগগির তাকে ধরতে সক্ষম হবে এ আশাকাদ ব্যক্ত করে তিনি বলেন, সাহেদ যে কোন সময় গ্রেপ্তার হতে পারে। আজ রোববার ঈদুল আজহা উপলক্ষে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভা শেষে তিনি এসব কথা বলেন। সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা,কোরবানির পশুর হাটের নিরাপত্তা ও চামড়া পাচার রোধকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায়, আইজিপি ড. বেনজীর আহমেদসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সাহেদ যত বড় ক্ষমতাবানই হোন না কেন তাকে আইনের আওতায় আনা হবে। তার বিদেশ যাওয়ার কোন সুযোগ নেই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাহেদের সকল অপরাধ তদন্ত করা হচ্ছে, দ্রুত এ বিষয়ে প্রতিবেদন দেয়া হবে। সাহেদ কি ধরনের অন্যায় করেছে সেগুলো পুলিশ এবং র্যাব তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন পেলে তার অন্যায়ের গভীরতাটা কতটুকু জানা যাবে। এসময় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ প্রসঙ্গে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, সকল তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। ‘সাহেদকে গ্রেপ্তারে সবধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তাকে নজরদারিতে রাখা হয়েছে।’ সব তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আইজিপি।
সাহেদ দেশে আছে নাকি বাইরে চলে গেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের বাইরে যাওয়ারতো কোনো উপায় নাই। তার পাসপোর্ট জব্দ করা হয়েছে, বর্ডার যাতে ক্রশ করতে না পারে সে ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। আশা করি, শিগগিরই তাকে ধরতে সক্ষম হবো’ ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১