আপডেট : ২২ July ২০২০
নেত্রকোণার পূর্বধলায় এলজিইডি’র অধীনে পূর্বধলা বাজার হতে স্টেশন পর্যন্ত ও বালিকা বিদ্যালয় রোড এবং নেত্রকোণা সড়ক ও জনপদের (সওজ)’র অধীনে থানা থেকে জামতলা পর্যন্ত সড়কের উপরের কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আর গর্তে ভরা সড়কে জলাবদ্ধতা হওয়ায় চলাচলে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ লোকজন, চালক ও পথচারীরা। সড়কটির বর্তমান অবস্থা এমন দাঁড়িয়েছে যে হেঁটে চলাও কষ্টকর হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। উপজেলা সদরে প্রবেশের বিকল্প রাস্তা না থাকায় স্কুল-কলেজে যেতে হলেও এই সড়কটি ব্যবহার করতে হয়। ফলে সীমাহীন দুর্ভোগের শিকার এলাকাবাসী। ড্রেন না থাকায় পানি নিষ্কাশন হচ্ছে না। পূর্বধলা খাদ্য গুদাম ও স্টেশন রোডে ড্রেনে বালু মাটি ভরাট হয়ে পানি অন্যত্র সরতে পারেনা ফলে জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে রয়েছে এলাকাবাসী। কিন্তু অতিরিক্ত যানবাহনের চাপে সড়কের গর্তগুলো বড় বড় গর্তে পরিণত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এবং প্রতিদিনই একাধিক দুর্ঘটনা ঘটছে। পূর্বধলা বাজারে প্রধান সড়কটিতে পর্যাপ্ত জায়গা না থাকায় যানজট লেগেই থাকে। ভুক্তভোগীরা জানান, বাজার হতে স্টেশন রোড ও বালিকা বিদ্যালয় রোডে ঠিকাদারের গাফিলতিতে সড়কটির মেরামত বা সংস্কার সঠিকভাবে করা হয়নি। বছর না ঘুরতেই চলাচলের অযোগ্য হয়ে পরেছে বলেএলাকাবাসির অভিযোগ। তাছাড়া অপরিকল্পিত আবাসন ও পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় এমন জলবদ্ধতা সৃষ্টির কারণ বলে সংশ্লিষ্টদের অভিমত। ভুক্তভোগীরা উপজেলার প্রাণকেন্দ্রের সড়কগুলোর দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। উপজেলা প্রকৌশলী গোলাম সামদানী জানান, একবার একটি রাস্তা মেইনটিনেন্সের কাজ হয়ে গেলে তিন বছরের ভিতরে নতুন কোন বরাদ্দ পাওয়া যায় না। তাই রাস্তাগুলো সংস্কার করতে পারছি না। আমি নিজ উদ্যোগে পূর্বধলা বাজার থেকে স্টেশন রোডের বিভিন্ন অংশ ইমারজেন্সি মেইনটিনেন্স টেন্ডার প্রক্রিয়া করছি। তিনি আরো জানান, পূর্বধলা বালিকা বিদ্যালয় রোডে এলজিইডি এর নিজস্ব লেবার দ্বারা জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহন করা হবে। নেত্রকোণা সওজ এর নির্বাহী প্রকৌশলী মোঃ হামিদুল ইসলাম বলেন, রাস্তার খারাপ অবস্থা দেখে গত মাসে কিছু ডাস্ট/ পিছ রাস্তায় পাঠিয়েছিলাম। খোঁজ নিয়ে দেখি যদি লাগে আমি আবারও ডাস্ট পাঠাবো। নেত্রকোণা-গোয়াতলা পর্যন্ত রাস্তার কাজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাস্তার কাজ ৫/৬ মাস আগেই শুরু হয়েছে কিন্তু বর্ষাকালের জন্য একটু বিলম্ব হচ্ছে, আসলে রাস্তার কাজটুকু বিভিন্ন লেয়ারে করতে হয়। এখন বর্ষাকালের নিচের লেয়ারটা করা যাচ্ছে না। পূর্বধলা বাজারের রাস্তা পিচ না আরসিসি হবে? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি আসার আগেই পিচের রাস্তা এপ্রুভ হয়েছে, কিন্তু আমি নতুন করে আরসিসি যেন হয় সে প্রস্তাব পাঠিয়েছি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১