বাংলাদেশের খবর

আপডেট : ১৬ August ২০২০

হাইকোর্টের এফিডেভিট শাখায় অভিযান, আটক ৪৩


সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখায় দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে অভিযানে ৪৩ কর্মকর্তা-কর্মচারীকে আটক করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

আজ রোববার দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসব অফিসারকে আটকের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে এসব শাখার অন্য কর্মচারীরা বিক্ষোভ প্রদর্শন করেন। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির মধ্যস্থতায় মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

জানা গেছে, সুপ্রিম কোর্টের সেকশন অফিসারদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির অভিযোগ চলে আসছে। আজ আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে প্রশাসন অভিযান পরিচালনা করে। এ সময় কিছু অনিয়ম চোখে পড়ায় ৪৩ জনকে আটক করা হয়। পরে তাদেরকে সতর্ক করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এম আমিন উদ্দীন মুচলেকা নিয়ে ছেড়া দেওয়া হয়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ মশিউর রহমান বলেন, ‘আদালত অঙ্গনে দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে আইনজীবীরা সোচ্চার হয়ে উঠেছেন। আমরা বারের পক্ষ থেকে এ বিষয়ে প্রধান বিচারপতিকে অবহিত করেছিলাম। আজ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে সুপ্রিম কোর্টের ২ নম্বর প্রশাসনিক ভবনে একটি ঝটিকা অভিযান পারিচালিত হয়। এবং প্রাথমিকভাবে সেখান থেকে এই ৪৩ কর্মকর্তা-কর্মচারীকে আটক করা হয়।’

এফিডেভিড শাখায় অভিযানের বিষয়ে মোহাম্মদ মশিউর রহমান আরো বলেন, ‘৪৩ জনকে আটকের পর বার নেতৃবৃন্দের কাছে খবর পাঠানো হলে বারের সম্পাদকসহ আমরা ঘটনাস্থলে যাই। এরপর জানতে পারি, আটক ব্যক্তিরা নিজ শাখায় নিজ নিজ দায়িত্ব পালন না করে অন্য কার্যক্রমে ব্যস্ত রয়েছেন বলে তাঁদের আটক করা হয়েছে। সেখানে অভিযুক্তদের নাম, ঠিকানা সংগ্রহ শেষে তাঁদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। এখন আমরা (বার নেতৃবৃন্দ) বসে আলোচনা করে পরবর্তী কর্মপন্থার বিষয়ে সিদ্ধান্ত নেব।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১