বাংলাদেশের খবর

আপডেট : ১৮ August ২০২০

হঠাৎ ঢাকা সফরে ভারতের পররাষ্ট্র সচিব


দুই দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা।  তিনি ১৮-১৯ আগস্ট ঢাকায় অবস্থান করবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

একটি বিশেষ ফ্লাইটে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঢাকায় পৌঁছান তিনি। ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে গেল মার্চ মাসের পর বাংলাদেশে এটাই তার প্রথম সফর।

সাধারণত এই ধরনের সফরের আগে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। কিন্তু এই সফরের আগে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

কয়েকটি সূত্র বলছে, সফরকালে ভারতের পররাষ্ট্রসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।

এছাড়াও শ্রিংলা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

এই সফরের উদ্দেশ্য ও আলোচ্যসূচির বিষয়ে দায়িত্বশীলদের পক্ষ থেকে কোন কিছু জানানো হয়নি।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, সাধারণত এ ধরনের সফরে উচ্চ পর্যায়ের বার্তা আদান-প্রদান হয়ে থাকে। এবারের সফরের ধরনও এর ব্যতিক্রম নয়।

করোনা ভাইরাস মহামারি মোকাবিলা ও ভ্যাকসিনসহ দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

ভারতের সিরাম ইনস্টিটিউট অক্সফোর্ডের সম্ভাব্য করোনা ভ্যাকসিন তৈরির উদ্যোগ নিয়েছে। এছাড়া ভারত নিজেও করোনা ভ্যাকসিন উদ্ভাবনের চেষ্টা চালাচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১