আপডেট : ২২ August ২০২০
ময়মনসিংহ জেলার ভালুকা ও নান্দাইলে পৃথক দুই দুর্ঘটনায় শনিবার সকালে সড়কে প্রাণ হারিয়েছেন আটজন। ভালুকায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ঘটনাস্থলেই শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। সকাল পৌনে ৮টার দিকে উপজেলার ডিগ্রি কলেজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ইমাম পরিবহনের একটি বাস মহাসড়কে ইউটার্ন নেয়ার সময় একটি প্রাইভেটকারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের আরোহী এক শিশু, দুই নারী ও তিন পুরুষ মারা যান। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। অন্যদিকে, নান্দাইলের যশোরায় সকালে দুটি ট্রাকের সংঘর্ষে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তারা হলেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ার সাইদুল (৪২) ও মোস্তাকিম (২০)। তারা ট্রাকযোগে রৌমারি থেকে পাকুন্দিয়া যাচ্ছিলেন। নান্দাইল থানার ওসি মনসুর আহমেদ জানান, রৌমারি থেকে গরুবাহী একটি ট্রাক সকাল ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে পেছন থেকে বিকল অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত আরেকজনকে ময়মনিসংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সূত্র: ইউএনবি
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১