বাংলাদেশের খবর

আপডেট : ৩১ August ২০২০

২ বছর ১১ মাস পর কক্সবাজারে সীমিত পরিসরে চালু হলো জন্ম-মৃত্যু নিবন্ধন


অবশেষে কক্সবাজারে খুলে দেওয়া হল জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রম। জেলার ৭১ ইউনিয়ন পরিষদ এবং ৪টি পৌরসভার মধ্যে আজ সোমবার ১২টি ইউনিয়ন পরিষদের জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রম চালু করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের স্থানীয় সরকার শাখার উপ পরিচালক শ্রাবস্তি রায়। ফলে জেলাবাসির দীর্ঘদিনের আকাঙ্খিত সরকারের এ পরিসেবা সীমিত পরিসরে চালু হল। প্রাথমিকভাবে জেলার ১২টি ইউনিয়ন পরিষদে এ কার্যক্রম শুরু হয়েছে। রোহিঙ্গাদের কারণে ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর পুরো কক্সবাজার জন্মনিবন্ধন কার্যত্রম বন্ধ করে দেয় সরকার। মিয়ানমার থেকে রোহিঙ্গা স্রোতের কারনে এ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় যেন কৌশলে রোহিঙ্গারা জন্মনিবন্ধন করতে না পারে।

স্থানীয় সরকার শাখার উপ পরিচালক শ্রাবস্তি রায় জানান, কক্সবাজারবাসির দীর্ঘদিনের কাঙ্খিত জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ১২টি ইউনিয়নে আজ সোমবার থেকে চালু করা হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এটি। ৭১টি ইউনিয়ন পরিষদ ও ৪টি পৌরসভার মধ্যে প্রথমধাপে ১২টি ইউনিয়ন পরিষদে কার্যক্রম শুরু করা হয়েছে। ইউনিয়ন পরিষদসমুহ হলো টেকনাফের হোয়াইক্ষং,উখিয়ার হলদিয়াপালং এবং রত্নাপালং। কক্সবাজার সদরের ১০টির মধ্যে ৮টি ইউনিয়ন যথা ঝিলংজা, পিএমখালী, ভারুয়াখালী, চৌফলদন্ডী, জালালাবাদ, খুরুশকুল, ইসলামাবাদ এবং পোকখালী।

তিনি জানান, আগের মত জন্মনিবন্ধনের জন্য প্রথমে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবরে আবেদন করতে হবে। আবেদন পরিষদ থেকে উপজেলা জন্ম-মৃত্যু নিবন্ধন যাছাই বাচাই কমিটির বরাবরে উপস্থাপন করার পর কমিটি গুরুত্বসহকারে যাছাই করে সঠিন হলে পুনরায় অনুমোদন দিয়ে পরিষদে পাঠাবে। পরিষদ তা আবেদনকারিকে চেয়ারম্যান এবং পরিষদের স্বাক্ষরে সনদ প্রদান করবে। প্রতিটি উপজেলায় শক্তিশালী বাছাই কমিটি গঠন করা হয়েছে তারা সবদিক বাছাই করে চূড়ান্ত করে জন্ম নিবন্ধন সনদ প্রদান করবেন।

শ্রাবস্তি রায় আরো জানান, রোহিঙ্গাদের যদি কোন চেয়ারম্যান বা পরিষদের পক্ষ থেকে জন্মনিবন্ধন সনদ দেওয়া হয় বা ইস্যুর পর যদি প্রমানিত হয় তা ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য করা হবে। উক্ত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে জেল জরিমানা এমনকি কঠিন শাস্তির আওতায় আনা হবে।

ইতোমধ্যে ১২টি ইউনিয়ন পরিষদের জন্য উপজেলা নিবার্হী কর্মকর্তাগণের হাতে পাসওয়ার্ড পৌছে দেওয়া হয়েছে। তারা ইউনিয়ন পরিষদের প্রোভাইডারদের হাতে তা প্রদান করবেন। উক্ত ইউনিয়ন পরিষদ সমুহে এখন থেকে জন্ম-মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন স্থানীয় জনসাধারণ।

এদিকে কক্সবাজার সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদ উল্লাহ মারুফ জানান, সদর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়ন পরিষদে আমরা জন্ম নিবন্ধন কার্যক্রম চালুর অনুমতি পেয়েছি। বাকি ২টি ইউনিয়ন পরিষদের পাসওয়ার্ড এখনো পায়নি। ইউনিয়ন ২টি হলো ইসলামপুর এবং ঈঁদগাও। এ ২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পরিষদের সচিবের জন্মনিবন্ধন অনলাইনে না থাকায় তাদের অনুমতি দেওয়া হয়নি। তারা অনলাইন করলে তাদের এলাকার লোকজন এ সেবার আওতায় আসবে। চেয়ারম্যান এবং সচিবের জন্মনিবন্ধন যদি অনলাইনে পাওয়া যায় উক্ত পরিষদকে জন্মনিবন্ধনের সার্ভার খুলে দেয়া হচ্ছে। 

অপরদিকে জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সভাপতি মোঃ শিহাব উদ্দিন জানান, গত শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সকল ইউনিয়ন পরিষদের জন্য লাপটপ, মডেম এবং ইলেকট্রনিক্স ডিভাইস বিতরণ করেছেন সচিব হেলালুদ্দিন স্যার। সেখানে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমের স্বচ্চতা বিষয়ে। আমরা উক্ত নির্দেশনা পালন করে জন্ম নিবন্ধন কার্যক্রম পুনরায় শুরু করব। জেলাবাসির দীর্ঘদিনের দাবি যেহেতু মেনে এ কার্যক্রম চালু করা হয়েছে আমরা এর সঠিক ব্যবহার করতে নিরলসভাবে কাজ করে যাব।

মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম নিধনের পর কক্সবাজারে রোহিঙ্গার ঢল নামে। পরে রোহিঙ্গারা বিভিন্ন এলাকায় ছড়িয়ে যায়। অনেকে কৌশলে রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন করতে মোটা টাকায় জড়িয়ে পড়ে।

রোহিঙ্গাদের হাত থেকে স্থানীয় জন্মগোষ্ঠিকে রক্ষায় সরকার জন্ম নিবন্ধন বন্ধ করে দেয়। ২০১৭ সালের ২৫ আগষ্ট রোহিঙ্গারা টেকনাফ –উখিয়ার বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এর পরের মাসে অর্থাৎ ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর সরকার কক্সবাজার জেলার জন্ম নিবন্ধন সার্ভার বন্ধ করে দেয়। সেই থেকে বন্ধ রাখা হয় জন্ম-মৃত্যু নিবন্ধন। রোহিঙ্গাদের কারনে দীর্ঘ ২ বছর ১১ মাস বন্ধ থাকা জন্ম নিবন্ধন কার্যক্রম আবার আলোর মুখ দেখলো। কাংখিত এ কার্যক্রম যেন সঠিন এবং স্বচ্ছ হয় কোন রোহিঙ্গা যেন জন্মনিবন্ধন করতে না পারে সে দিকে সর্তক থাকার আহবান জানান কক্সবাজারের স্থানীয় সরকার শাখার উপ পরিচালক মিসেস শ্রাবস্তি রায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১