বাংলাদেশের খবর

আপডেট : ০৫ September ২০২০

গোপালগঞ্জ মেডিকেল কলেজের ৬ তলা ভবন থেকে পড়ে নারী টেকনোলজিস্টের মৃত্যু


গোপালগঞ্জ শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ তলা ভবন থেকে পড়ে গিয়ে সুস্মিতা মজুমদার ইভা (২৬) নামে এক নারী মেডিকেল টেকনোলজিস্টের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে হাসপাতালের প্রশাসনিক ভবনের ৬ তলা ভবন থেকে নীচে পড়ে তার মৃত্যু হয়। নিহত সুস্মিতা মজুমদার ইভা গোপালগঞ্জ শহরের জনতা রোডের জগদীশ মজুমদারের মেয়ে ও রাজীব মজুমদারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের ৬ তলায় পিসিআর ল্যাব টেকনোলস্টিদের প্রশিক্ষণ কর্মশালা চলছিল। এ সময় বায়োটেক সার্ভিসের পিসিআর ইঞ্জিনিয়ার মহিবুল হাসান ভবনের বারান্দায় ৬ প্রশিক্ষণার্থীর সাথে কথা বলছিলেন। হঠাৎ করে সুস্মিতা ভবনের উপর নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনার খবর শুনে জেলা প্রশাসক শাহিদা সুলতানা, সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ, ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক অসিত কুমার মল্লিক ও অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অভিযোগ করে নিহতের চাচা শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (সার্জারী) ডা: অনুপ কুমার মজুমদার জানিয়েছেন, আমার ভাতিজি একা একা পড়ে যেতে পারে না। হয়তো কেউ তাকে উপর থেকে নীচে ফেল দিয়েছে। তাই তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘটনের দাবী জানাচ্ছি।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানিয়েছেন, যেহেতু পরিবার থেকে অভিযোগ করা হয়েছে, তাই লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানিয়েছেন, এটা একটি দুঃখজনক ও অনাকাঙ্খিত ঘটনা। ঘটনাটি কি ভাবে ঘটলো তা বের করার জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তি দূর্ঘটনা এড়াতে ভবনের বারান্দায় উচুঁ রেলিং করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১