বাংলাদেশের খবর

আপডেট : ০৫ September ২০২০

গোমতীর নৌপথ দিয়ে কুমিল্লা থেকে ভারতে পৌঁছেছে কার্গো ট্রলার 


নানা প্রতিকূলতা পেরিয়ে কুমিল্লার গোমতী নদী দিয়ে দাউদকান্দি থেকে ভারতের সোনামুড়া বন্দরে পরীক্ষামূলক ভাবে পৌঁছেছে সিমেন্টবাহী একটি কার্গো ট্রলার। শনিবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের মাধ্যমে প্রিমিয়ার সিমেন্ট কোম্পানি লিঃ এর একটি ট্রলার তাদের উৎপাদিত ১০ টন সিমেন্ট নিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে সোনামড়া বন্দরে পৌঁছে।

এর আগে, কুমিল্লার বিবির বাজার স্থল বন্দর দিয়ে ভারতের সোনামুড়া যাওয়ার পথে ভারতের হাইকমিশনার বাংলাদেশ রিভা গাঙ্গলী দাস সাংবাদিকদের জানান, গত ২০ মে মাসে ঢাকায় দু’দেশের মধ্যে নতুন দুটি নৌ পথের চুক্তি সাক্ষরিত হয়েছিলো। এর একটি রাজশাহী থেকে ভারতের দুলিহান এবং অপরটি কুমিল্লার দাউদকান্দি থেকে ত্রিপুরা সোনামুড়া।

ওই চুক্তি অনুসারে আজ (শনিবার) প্রথম সিমেন্ট এক্সপোর্ট এর মাধ্যমে ট্রায়াল রান শুরু করা হলো। এটি একটি ঐতিহাসিক দিন বাংলাদেশ ও ভারত দু দেশের জন্যে। আপনারা জানেন সাধারণত দু’দেশে মধ্যেই ট্রাক যুগে পণ্য আমদানি রপ্তানি করা হয়। এই নৌ পথ চালুর কারণে বর্তমানে দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো বৃদ্ধি পাবে আমদানি রপ্তানি ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

তিনি আরও জানান, নৌ পথের নাব্যতা সংকটসহ আরও যে সকল সমস্যা চিহ্নিত হবে সেগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে। এর ফলে দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর পরে কুমিল্লার বিবির বাজার গোমতীর অংশে বিআইডাব্লিউটিএর চেয়ারম্যান গোলাম সাদেক বেলুন উড়িয়ে পরীক্ষামূলক নৌ চলাচল উদ্বোধন করেন এবং ট্রলারটিকে বিদায় জানান। এসময় কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, কাস্টমস অফিসার সুভাস চন্দ্র মজুমদার, অতিরিক্ত জেলা সুপার আজিমুল আহসান, তানভীর সালেহীন ইমন, কাস্টমস কর্মকর্তা শফিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

গোমতী নদীতে কার্গো নৌ চলাচলে নানা সমস্যা ও সংকটের বিষয়গুলো চিহ্নিত করে বিআইডাব্লিউটিএর চেয়ারম্যান গোলাম সাদেক বেলুন জানান, সমস্যা, সংকট এবং প্রতিকূলতা চিহ্নিত করতে পরীক্ষামূলকভাবে গোমতী নদী দিয়ে নৌ চলাচল শুরু করা হয়। পরীক্ষামূলক ভাবে ১০ টন সিমেন্ট নৌপথে রপ্তানি করতে গিয়ে গোমতী নদীর অনেক সমস্যা ও সংকট চিহ্নিত করতে পেরেছি। সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নদীতে নাব্যতা সংকট এবং ব্রিজের উচ্চতার বিষয় রয়েছে। নদীর নাব্যতা সংকট রোধে ড্রেজিংয়ের বিষয়ে একটি প্রকল্প নেয়া হয়েছে। ড্রেজিংয়ের অনুমোদন পেলেই খুব শিঘ্রই নাব্যতা বৃদ্ধি করে যেন আরও বেশি করে যেন মালামাল বহন করা যায় তার একটি ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও জানান, কুমিল্লার এই গোমতী নদী দিয়ে নৌ পথের বিষয়ে ভারত সরকার খুব বেশি আগ্রহী। কারণ ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্যের জন্য এই বিবির বাজার স্থল বন্দরের সাথে যদি নৌপথটি চালু করা যায় তাহলে সীমান্ত বাণিজ্য আরও সহায়ক ভূমিকা লাভ করবে আশা করি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১