বাংলাদেশের খবর

আপডেট : ১৯ September ২০২০

শিমুলিয়া-কাঁঠালবাড়ীতে সীমিত আকারে ফেরি চলাচল শুরু


মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে লৌহজং চায়না চ্যানেল দিয়ে দক্ষিণবঙ্গের এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। সকাল থেকেই ছোট ও কে-টাইপ মিলিয়ে ৪ টি ফেরী চলাচল করছে। আর এতে শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় অর্ধশত যানবাহন।

বিআইডব্লিউটিসি সহকারী উপ মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকাল ৬ টা থেকে লৌহজং চায়না চ্যানেল দিয়ে ছোট ও কে-টাইপ ফেরী মিলিয়ে ৪ টি ফেরী চলাচল করছে।

এ দিকে অনেক দিন যাবৎ এ রুটে নাব্য সংকট, প্রবল স্রোত, চ্যানেল বিপর্যয় ও পাড় ভাঙ্গনের কারণে নৌরুটে ফেরি চলাচলে কখনও বন্ধ আবার কখনও চালু হয়।

উল্লেখ্য, নাব্য সংকট ও প্রবল স্রোতে চ্যানেল বিপর্যয়ের কারণে গত ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ । টানা ৮ দিন বন্ধ থাকার পর গত ১১ সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে কে-টাইপ ফেরি কাকলি ও ক্যামেলিয়া এবং একটি রো রো ফেরী শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যায়। পরে আবার রাতে সকল ধরনের ফেরি চলাচল বন্ধ থাকে। ১২ সেপ্টেম্বর সকাল থেকে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়। তবে রাতে ফের বন্ধ থাকে। ১৪ সেপ্টেম্বর থেকে আবার এ রুটের ফেরি চলাচল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে ১৫ ও ১৬ সেপ্টেম্বর বিকল্প দূরপাল্লার চ্যানেল পালের চর দিয়ে পরীক্ষামূলকভাবে দু'দিন দুটি ফেরি ছেড়ে যায়। পরে আবার ১৭ সেপ্টেম্বর বন্ধ থাকে। গতকাল ১৮ সেপ্টেম্বর বিকেলে আবারও পরীক্ষামূলকভাবে শিমুলিয়া ঘাট থেকে ফেরী কাকলি ও পরে কাঁঠালবাড়ি ঘাট থেকে ফেরি ক্যামেলিয়া ও কাকলি ছেড়ে এসে শিমুলিয়া ঘাটে পৌঁছলে আবার ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১