আপডেট : ০৪ October ২০২০
১২ বছর বয়সী কিশোরী রুপালী আক্তার। গতকাল শনিবার বাড়ি থেকে বের হয়ে খালার বাড়ি দেওয়ানগঞ্জের উদ্দেশ্য রওনা দিয়েছিল। কিন্তু ভুল গাড়িতে চড়ার কারণে সে এসে পড়ে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায়। অচেনা এই শহরে একা বসে থাকা ছাড়া কোন উপায় খুঁজে পাচ্ছিল না সে। এক তরুনী ঘোড়াঘাট বাসস্ট্যান্ডে বসে আছে এবং বেশ কিছু বখাটে যুবক তার আশেপাশে ঘোরাফেরা করছে! মুঠোফোনে এমন খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনা স্থলে ফোর্স পাঠান ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দীন। বিকেল ৪ টায় সেখান থেকে রুপালী আক্তারকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। উদ্ধার হওয়া কিশোরী রুপালী আক্তার (১২) জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মনিয়ারচর গ্রামের সাজু আকন্দের মেয়ে। পুলিশ জানায়, বাড়ির ঠিকানা জানা থাকলেও পরিচিত কারো মোবাইল নাম্বার জানা ছিল না রুপালীর। কিশোরীর দেওয়া ঠিকানা অনুযায়ী সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে তার পরিবারকে খবর দেয় তারা। পরে রাত ১১টায় রুপালীর বাবা ঘোড়াঘাট থানায় এসে তার মেয়েকে নিয়ে যায়। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষনিক মেয়েটিকে উদ্ধার করি। পরে মেয়েটির দেওয়া ঠিকানা অনুযায়ী সংশ্লিষ্ট থানার সহযোগীতায় মেয়েটিকে অক্ষত অবস্থায় তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১