আপডেট : ০৪ October ২০২০
সিরাজগঞ্জের তাড়াশে গ্রামের মানুষের চলাচলের সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার বারুহাস ইউনিয়নের বলভা গ্রামের এ ঘটনায় সম্প্রতি সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন আমিনুল ইসলাম, সেলিম আহমেদ, ছলিম উদ্দিন ও তাহের আলীসহ অর্ধশতাধিক গ্রামবাসী। তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর করা অভিযোগে বলা হয়েছে, বলভা মৌজায় ১নং খতিয়ানভুক্ত ৩২৪ থেকে ৩৩১ পর্যন্ত দাগের মাঝখানে ৩২৬ দাগ সংলগ্ন হালটের দক্ষিণপাশে ৩২২ দাগের বসতি ওই গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে আবু সাইদ রাস্তার প্রায় ৪ শতক জায়গা দখল করে বাড়ি নির্মাণ করছেন। অভিযোগকারী আমিনুল ইসলাম, সেলিম আহমেদ, ছলিম উদ্দিন ও তাহের আলীসহ অর্ধশতাধিক গ্রামবাসী জানান, কৃষকরা সরকারি রাস্তাটি ব্যবহার করে গ্রাম সংলগ্ন ফসলি জমি থেকে খুব সহজে ফসলাদি বহন করতে পারতেন। আবু সাইদ রাস্তার ৪ শতক জায়গা দখল করায় তা বাধাগ্রস্ত হবে। এ বিষয়ে অভিযুক্ত আবু সাইদ বলেন, সরকারি রাস্তার প্রায় ৪ শতক জায়গা দখল করেছি সত্য। কিন্তু তার বদলে আমার বাড়ির পাশে দিয়ে চলাচলের রাস্তা ছেড়ে দিয়েছি। তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওবায়দুল্লাহ ফোন না ধরায় এ ব্যাপারে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ দিকে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল করিম জানান, এ উপজেলায় নতুন এসেছি। রাস্তা দখলের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১